এ কেমন শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়ায় একজন গাড়িচালককে প্রকাশ্যে সড়কের ওপর নাকে খত দেওয়ানোর ঘটনায় পুলিশের একজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল বেলা ১১টার দিকে একটি ছোট ট্রাক চকরিয়ার ঈদমনি থেকে পেকুয়া বাজারের দিকে যাচ্ছিল। পেকুয়া চৌমুহনী স্টেশন মোড়ে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ট্রাকের চালককে থামার সংকেত দেন। ট্রাকচালক মীর কাশেম (৪০) গাড়ি থামিয়ে নিচে নামলে পুলিশ কর্মকর্তা তাঁকে মারতে উদ্যত হন। পরে পুলিশ কর্মকর্তা ওই ট্রাকচালককে চৌরাস্তার মোড়ে নিয়ে নাকে খত দিতে বলেন। এ সময় ট্রাকচালক ক্ষমা চাইলে তাঁকে গুলি করার হুমকি দেন পুলিশ কর্মকর্তা। পরে চালক মীর কাশেম নাকে খত দেন।
এ সময় শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করে। অনেকে মুঠোফোনে ওই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দিয়ে পুলিশের ওই কর্মকর্তার শাস্তি দাবি করেন।
মীর কাশেম বলেন, ‘তৌহিদ স্যারকে গাড়িচাপা দিতে চেয়েছি—এমন অভিযোগ তুলে তিনি আমাকে শত শত মানুষের সামনে নাকে খত দিতে বাধ্য করেছেন। তখন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল।’
এসআই তৌহিদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বলেন, সারা দিন দৌড়াদৌড়ি করে তাঁর মাথা গরম হয়ে গিয়েছিল। তাঁর গায়ের ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করায় গাড়িচালককে এই শাস্তি দিয়েছেন। তবে এটা করা ঠিক হয়নি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমরা অনেকের ফোন পেয়েছি। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য দেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’ তিনি বলেন, পুলিশের কোনো সদস্যের ব্যক্তিগত অপকর্মের দায়ভার পুলিশ নেবে না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম বলেন, এসআই তৌহিদুলকে কক্সবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার তাঁকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন।