এ কেমন ‘ভালোবাসা’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসায় ঢুকে অষ্টম শ্রেণীর ছাত্রী শাহনাজ পারভীনকে (১৪) ছুরিকাঘাত করে হত্যা করেছেন এক যুবক। পরে তিনি নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর সদর উপজেলার গোকুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শাহনাজ পারভীন গোকুলপুর গ্রামের পাগলাপীর উচ্চবিদ্যালয়ের ছাত্রী। আত্মহত্যার চেষ্টাকারী যুবক রাজু মিয়া (২০) বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বাসচালকের সহকারী হিসেবে কাজ করেন। পুলিশ ও শাহনাজের পারিবারিক সূত্র জানায়, গোকুলপুর গ্রামের একাব্বর হোসেনের মেয়ে শাহনাজকে একই এলাকার রাজু মিয়া প্রায়ই উত্ত্যক্ত করতেন এবং বিয়ের প্রস্তাব দিতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত জানুয়ারিতে শাহনাজকে অপহরণ করেন রাজু। এরপর রাজুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অপহরণের মামলা করেন একাব্বর। গত ফেব্রুয়ারিতে পুলিশ শাহনাজকে উদ্ধার করতে পারলেও রাজু ছিলেন পলাতক। শাহনাজের পরিবারের সদস্যরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে রাজু তাঁদের বাড়িতে আসেন। এসেই তিনি শাহনাজকে ঘর থেকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি শাহনাজের পেটে ছুরি ঢুকিয়ে দেন। পরে শাহনাজের পরিবারের সদস্যরা এগিয়ে এলে তিনি নিজের পেটেও ছুরি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহনাজের। স্থানীয় লোকজন রাজুকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করান। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। শাহনাজের বাবা একাব্বর হোসেন বলেন, ‘অপহরণের পর মেয়েকে উদ্ধার করা গেলেও আজ আমাদের সামনেই মেয়েকে খুন করা হলো, বাঁচাতে পারলাম না।’ এই বলে কাঁদতে থাকেন তিনি।রাজুর বাবা বাসচালক মজনু মিয়া গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জানান, রাজু শাহনাজকে ভালোবাসত। তাকে উত্ত্যক্ত করত না।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, ময়নাতদন্তের পর শাহনাজের মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।