এ কোন মানবতা!
আশুলিয়ার ব্যস্ততম এলাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের পাশে ঢাকা-আরিচা মহাসড়কে অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক ব্যক্তি। অনেকেই তাঁর পাশ দিয়ে চলে গেছেন। কিন্তু কেউই সহায়তার হাত বাড়াননি। বিষয়টি নজরে আসার পর পুলিশে ফোন করেও লাভ হয়নি। পরে কয়েকজন পথচারীকে অনুরোধ করলে তাঁরা তাঁর দেখভাল করেন।লোকটির নাম মোস্তাফিজুর রহমান (৪০)। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আটপুকুরহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে। পেশায় একজন ব্যবসায়ী। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে এই প্রতিবেদক ওই পথ দিয়ে যাওয়ার সময় লোকটিকে অচেতন অবস্থায় মহাসড়কের ওপর পড়ে থাকতে দেখে এগিয়ে যান। এরপর তিনি মুঠোফোনে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলমকে বিষয়টি জানান। কিন্তু ওসি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। অবশেষে কয়েকজন পথচারীর সহায়তায় প্রাথমিকভাবে মাথায় পানি ঢেলে লোকটিকে সুস্থ করার চেষ্টা করা হয়। কিছুক্ষণ পানি ঢালার পর তিনি কথা বলতে থাকেন। ঘণ্টা খানেকের মধ্যে তিনি অনেকটা সুস্থ হয়ে ওঠেন।সুস্থ হওয়ার পর মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পারিবারিক কাজে সকালে তিনি মানিকগঞ্জ আসেন। কাজ শেষে বাড়ি ফেরার জন্য দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুভযাত্রা পরিবহনের একটি বাসে ওঠেন। ওই বাসে ঢাকার আশুলিয়ার নবীনগর আসার পর দিনাজপুরের বাসে করে তাঁর বাড়ি ফেরার কথা। কিন্তু শুভযাত্রা পরিবহনের বাসটি কিছু দূর যাওয়ার পর পাশে বসা এক যাত্রী তাঁর নাকের কাছে রুমাল ধরেন। এর পরই তিনি কিছুটা অচেতন হয়ে পড়েন। এ সময় তাঁকে বাস থেকে নামিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেওয়া হয়। এরপর আর তাঁর কিছু মনে নেই।মোস্তাফিজুর রহমান জানান, তাঁর কাছে ছয় হাজার টাকা, একটি ব্যাগে শীতের কাপড় ও একটি মুঠোফোন ছিল। সবই নিয়ে গেছে দুর্বৃত্তরা।মাহবুব আল মালেক নামের এক পথচারী জানান, বছর ছয়েক আগে বাস থেকে ফেলে দেওয়া এক লোককে অচেতন অবস্থায় তিনি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর তিনিই উল্টো পুলিশি হয়রানির শিকার হন। এ কারণে লোকটিকে পড়ে থাকতে দেখেও তিনি সহায়তার হাত বাড়াননি।