
‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রাখতে চাইছি এবং প্রত্যাশা করছি, আবেদন জানাচ্ছি, তারা যেন আমাদের বন্ধু আবু বকর সিদ্দিককে অক্ষত অবস্থায় নিরাপদভাবে ফিরিয়ে দেয়।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘উদ্বিগ্ন নাগরিকবৃন্দ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এ দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত বিশিষ্ট নাগরিকেরাও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সুলতানা কামাল আরও বলেন, ‘আমি একই সঙ্গে এই কথাটি যোগ করতে চাই যে এই বাহিনীগুলো যেন মনে রাখে, তারা রাষ্ট্রীয় বাহিনী। আর যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তাঁদের এটা স্মরণে রাখতে হবে যে রাষ্ট্র পরিচালনা তাঁদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব পালনে যদি তাঁরা ব্যর্থ হন, তাহলে অবশ্যই তাঁদের জবাবদিহি করতে হবে।’
সংবাদ সম্মেলনের শুরুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে অপহরণ ও গুমের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। প্রকাশ্য দিবালোকে এ ধরনের অপহরণের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকে আস্থাহীনতার সংকটের মুখে ফেলেছে।’ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত শীর্ষ পরিবেশকর্মীর স্বামীর অপহরণে দেশবাসী উৎকণ্ঠিত ও মর্মাহত।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানও তাঁর স্বামী আবু বকর সিদ্দিককে অক্ষত অবস্থায় ফেরত চান। তিনি বলেন, তাঁর অপহূত স্বামী সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেনি। ‘সাংঘাতিক’ আশার কোনো কথাও তারা শোনাতে পারেনি। তবে স্বামীকে ফিরে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বলেছেন, ‘আমি আশা হারাচ্ছি না। আশা নিয়েই বেঁচে থাকতে হবে।’
রিজওয়ানা হাসান আশা প্রকাশ করেন যে তাঁর পরিবারের হারানো সদস্য আবু বকর সিদ্দিক সুস্থ দেহে ফিরে না আসা পর্যন্ত গণমাধ্যম, মানবাধিকারকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী সবাই কাজ করে যাবে।
গত বুধবার বেলা আড়াইটার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে ফতুল্লায় অপহূত হন আবু বকর সিদ্দিক।
রিজওয়ানা দৃঢ়তার সঙ্গে বলেন, তাঁর স্বামীর সঙ্গে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বা ব্যবসায়িকভাবে কারও কোনো শত্রুতা ছিল না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ ছিল না। বিরোধের বিষয়টি ‘একেবারে হাওয়াই কথা।’
সাংবাদিকদের রিজওয়ানা বলেন, বেলার মাধ্যমে করা আইনি লড়াইয়ে বিভিন্ন সময়ে নানা গোষ্ঠীর আর্থিক ক্ষতি হয়েছে। এদের কেউ কেউ তাঁর বিরুদ্ধে গণমাধ্যমে প্রতিবেদন ছাপিয়েছে। তাদের যেন তদন্ত কাজের বাইরে রাখা না হয়, এ কথা তিনি এজাহারে উল্লেখ করেছেন। তবে এজাহারে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি।
গতকাল একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রিজওয়ানার কথা হয়েছে। তারা একযোগে কাজ করছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে। রিজওয়ানা বলেন, ‘আমি আশা করব, দ্রুততম সময়ের মধ্যে সুস্থ-স্বাভাবিক অবস্থায় আমাদের পরিবারের হারিয়ে যাওয়া সদস্যকে ফেরত পাব।’ তিনি সাংবাদিকদের বলেন, তাঁর মুঠোফোনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ফোন করেছে। কিছু তথ্য দিয়েছে। যথাস্থানে সে তথ্য তিনি দিয়েছেন। তদন্তের স্বার্থে সেসব তথ্য তিনি সাংবাদিকদের দিতে চাননি। তবে তাঁর কাছে কেউ চাঁদা চায়নি, তাঁকে কেউ হুমকিও দেয়নি।
মানবাধিকার নেত্রী হামিদা হোসেন বলেন, জানুয়ারি থেকে মার্চের মধ্যে ৩৯ জন অপহূত হয়েছেন। এঁদের মধ্যে ১২ জনের লাশ পাওয়া গেছে। চারজন ফেরত এসেছেন। এই চারজন কীভাবে, কোত্থেকে ফেরত এলেন, তা ভালোভাবে ক্ষতিয়ে দেখা দরকার।
সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অতীতে অনেক চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে। তারা সর্বোচ্চ দক্ষতা দেখিয়ে আবু বকর সিদ্দিক অপহরণ ঘটনার সুরাহা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তথ্য কমিশনার সাদেকা হালিম গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের ঘটনা তদন্তে লেগে থাকার আহ্বান জানান।
ইফতেখারুজ্জামান বলেন, দেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে সংহতি জানিয়েছেন। এঁদের মধ্যে আছেন অধ্যাপক আনিসুজ্জামান, রওনক জাহান, আবদুল্লাহ আবু সায়ীদ ও সৈয়দ মনজুরুল ইসলাম; এম হাফিজউদ্দিন খান, রাশেদা কে চৌধূরী, হোসেন জিল্লুর রহমান, বদিউল আলম মজুমদার, শাহীন আনাম, শাহদীন মালিক, মনজুর হাসান, আসিফ নজরুল, সারা হোসেন, খুশী কবির, ফরিদা আখতার প্রমুখ।