এ ঘটনায় সেলিম হোসেনের স্ত্রী জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামে গতকাল বুধবার সেলিম হোসেন (২৫) নামের এক ব্যক্তি স্ত্রীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ স্বামী বিশ্বকাপ ফুটবল খেলা দেখায় ঘুমাতে না পারায় জেসমিন আক্তার (২২) এ হত্যাকাণ্ড ঘটান৷ জেসমিনকে পুলিশ আটক করেছে।
নিহত সেলিম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষক৷ তবে মাঝেমধ্যে রিকশাভ্যানও চালাতেন৷
নিহত সেলিমের কয়েকজন প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর ছয়টার দিকে লক্ষ্মীপুর গ্রামের স্কুলপাড়ায় সেলিমের বাড়িতে প্রতিবেশীরা চিৎকার শুনতে পান। আশপাশের বাড়ির লোকজন সেলিমের বাড়িতে ছুটে যান৷ তাঁরা (প্রতিবেশীরা) সেলিমকে তাঁর শোয়ার ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরা সেলিমকে িনয়ে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা হন৷ পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা জেসমিনকে আটক করেন। এ সময় জেসমিন প্রতিবেশীদের জানান, সারা রাত ধরে তাঁর স্বামী ঘরে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখায় তাঁর ঘুম হয়নি। টেলিভিশন বন্ধ করা নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তিনি হাঁসুয়া দিয়ে স্বামী সেলিমের গলায় কোপ দিলে স্বামীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়৷ পরে প্রতিবেশীরা জেসমিনকে পুলিশে সোপর্দ করেন৷
সেলিম খুন হওয়ার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।