বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় ছেলে এ টি এম কামরুজ্জামান কবীরকে হত্যার দায়ে আরেক ছেলে এ টি এম খলিকুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি খলিকুজ্জামানকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাঁর বিরুদ্ধে সাজার পরোয়ানা জারি করে কারাগারে পাঠিয়ে দেন আদালত।
২০১২ সালের ১৩ মার্চ দুপুরে রাজধানীর সূত্রাপুর থানার দেবেন্দ্রনাথ দাস লেনে নিজ বাসায় ছোট ভাইয়ের হাতে খুন হন কামরুজ্জামান। এ ঘটনায় এ টি এম শামসুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন। এই মামলায় ২০১২ সালের ২৫ জুন অভিযোগপত্র দেয় পুলিশ।
গত বছরের ৩০ জানুয়ারি আদালতে সাক্ষ্য দিতে এসে শামসুজ্জামান তাঁর এক ছেলের হাতে নিজের অন্য ছেলের খুনের বর্ণনা দেন। তিনি সেদিন বলেন, ‘আমার পারিবারিক ইতিহাসে এই রকম দুঃখজনক ঘটনা আর একটিও ঘটেনি।’
রাষ্ট্রপক্ষে ১৪ জনের সাক্ষ্য শুনে গতকাল আদালত রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আসামি যে অপরাধ করেছেন, এই আইনে তাঁকে অনুকম্পা দেখানোর সুযোগ নেই। আসামি ঘটনার পর থেকে কারাগারে আটক আছেন। হাজতবাসের সময় সাজা হিসেবে গণ্য হবে।
সংশ্লিষ্ট আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গত বছরের ৩০ জানুয়ারি এ টি এম শামসুজ্জামান আদালতে সাক্ষ্য দেওয়ার পর আর কোনো দিন আদালতে আসেননি।