এ দেশ আর কখনো জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আর কখনোই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের রাষ্ট্রে পরিণত হবে না।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে চার দিনব্যাপী এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে বাংলাদেশ বিশ্বে জঙ্গিবাদী রাষ্ট্রের তালিকায় স্থান করে নেয় এবং জঙ্গি ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিগত মহাজোট সরকার ক্ষমতায় এসে জঙ্গিবাদের তালিকা থেকে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনে।
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একুশে ফেব্রুয়ারির শিক্ষা, চেতনা ও প্রেরণা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সব মাতৃভাষাভাষী এখন তাদের স্বকীয়তা রক্ষায় উজ্জীবিত। এ প্রচেষ্টা বিশ্ব থেকে জাতিগত কিংবা ভাষাগত প্রাধান্য বিস্তারকারী মানসিকতার অবসান ঘটাবে। এ জন্য বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দিতে চাই।’ তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সব ভাষার চর্চা করবে। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সব জাতির মাতৃভাষা সংরক্ষণ করবে।
বক্তব্যের শুরুতে শেখ হাসিনা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যাঁরা উদ্যোগ নিয়েছিলেন, সেই প্রবাসী রফিক ও সালামের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, প্রবাসী রফিকুল ইসলাম কিছুদিন আগে মারা গেছেন। এক রফিক রক্ত দিয়ে ভাষার মর্যাদা দিয়েছেন, আরেক রফিক উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারিকে স্বীকৃতি এনে দিয়েছেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক জিনাত ইমতিয়াজ আলী। মূল প্রবন্ধ পাঠ করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।