
জীবনের সেরা উপহারগুলোর একটি তিনি এ দেশ থেকে পেয়েছেন। সে উপহার হচ্ছে একাত্তরের যুদ্ধশিশু শিখা। বাংলাদেশ তাঁর অফুরান প্রেরণার উৎসও। গতকাল শনিবার চট্টগ্রামের জামালখানে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন একাত্তরের যুদ্ধশিশুদের পাশে দাঁড়ানো কানাডার সমাজকর্মী বনি কাপুচিনো।
প্রবীণ ব্যক্তিদের অবসর বিনোদনকেন্দ্র ‘প্যারেন্টস লাউঞ্জ’ বনি কাপুচিনোকে সংবর্ধনা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে রবিন কাপুচিনো, নাতি কাইনান কাপুচিনো ও যুদ্ধশিশু শিখার মেয়ে ক্যাটরিনা কাপুচিনো। জামালখানের প্যারেন্টস লাউঞ্জে ঢোকার সময় ফুল ছিটিয়ে তাঁদের বরণ করে নেওয়া হয়। পরে তাঁদের হাতে মানপত্র, উত্তরীয়, সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্যারেন্টস লাউঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা কবি বাদল সৈয়দ বলেন, ১৯৭২ সালের জুলাই মাসে বনি ও তাঁর স্বামী ফ্রেড এ দেশের ১৫ জন যুদ্ধশিশুকে কানাডা নিয়ে গিয়েছিলেন। সেই শিশুদের মধ্যে তিন মাস বয়সী শিখাকে বড় করেছিলেন নিজেদের মেয়ে হিসেবে। কেবল শিখা নয়, সারা জীবনে এই দম্পতি বিশ্বের বিভিন্ন দেশের আরও ১৯টি শিশুকে দত্তক নিয়েছিলেন। বনির নাতি কাইনান কাপুচিনোও ভিয়েতনামের এক যুদ্ধশিশুর সন্তান।
বনি কাপুচিনো বলেন, ‘আমরা ১৯৫৬ সালে প্রথম একটি জাপানি শিশুকে দত্তক নিই। এরপর একে একে ১৯টি শিশু আমাদের পরিবারে যোগ হয়েছে। সব মিলিয়ে আমাদের পরিবারের সবাই খুব সুখী। শিখা এ দেশ থেকে পাওয়া আমাদের অনন্য এক উপহার। সে এ দেশে না এলেও এখানকার কথা তার হৃদয়ে আছে।’
বনির ছেলে রবিন কাপুচিনো খুব সংক্ষেপে যে কথাগুলো বললেন তার প্রায় সবটাই শিখাকে নিয়ে। তিনি বলেন, ‘আমার বোনটি খুব চটপটে, ও এত হাসিখুশি আর আড্ডাবাজ যে সব সময় ওর কথা কানে বাজে। সত্যি এ দেশ অসামান্য এক বোন উপহার দিয়েছে। এই দেশের প্রতি কৃতজ্ঞতা।’
এ দেশের মানুষের প্রশংসা করলেন ক্যাটরিনা কাপুচিনো। তিনি বলেন, ‘এখানকার মানুষ অসাধারণ। যেখানেই গিয়েছি আপন করে নিয়েছে সবাই। মায়ের দেশে এসে খুব ভালো লাগছে। এই অভিজ্ঞতার কথা আমি মাকে জানাব দেশে গিয়ে।’
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বনি ও ক্যাটরিনা কাপুচিনো। তাঁদের এই সফরের সময় মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে—এ প্রসঙ্গ তুলতেই বনি বলেন, ‘ন্যায়বিচার হওয়া প্রয়োজন। যদিও আমি ব্যক্তিগতভাবে অহিংসায় বিশ্বাসী। তবু বলব, বিচারটা কী হবে তা ঠিক করবে এ দেশের আইন ও জনগণ।’ ক্যাটরিনা জানালেন, তাঁরও একই মত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য অসীম কুমার রায়, রোটারি ক্লাব অব খুলশীর সভাপতি আকবর হোসেন, মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আশরাফুজ্জামান ও নারী অধিকার আন্দোলনের নেত্রী নুরজাহান খান।