এ দেশ সব ধর্মের মানুষের: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্য নিয়ে বসবাস করবে। আমাদের মহান মুক্তিযুদ্ধে সব ধর্ম ও বর্ণের মানুষ অংশ নিয়েছে এবং স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। তাই এ দেশ সব ধর্মের মানুষের।’
বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর বাসস ও ইউএনবির।
দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক বাধা থাকতে পারে। আমাদের অবশ্যই এসব বাধা কাটিয়ে উঠতে হবে। কারণ, আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করি। এসব বাধা আমাদের কাজের গতি কমাতে পারবে না।’
শেখ হাসিনা বলেন, তাঁর দল দৃঢ়ভাবে বিশ্বাস করে ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু উৎসব সবার। তিনি বলেন, প্রত্যেকে অবাধে তাদের ধর্ম পালন করবে এবং প্রত্যেকেই অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে—এটিই ছিল মুক্তিযুদ্ধের চেতনা।
অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ রবীন্দ্রসংগীত গেয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র বাইবেল থেকে পাঠ করেন বিশপ পল শিশির সরকার। এ উপলক্ষে গণভবনে একটি ক্রিসমাস বৃক্ষ সাজানো হয়।
বিশপ, ফাদারসহ খ্রিষ্টান সম্প্রদায়ের বিশিষ্টজনেরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী বড়দিনের একটি কেক কাটেন। বিসিএর সভাপতি ও মহাসচিব প্রধানমন্ত্রীকে বড়দিনের একটি কার্ড উপহার দেন।