এ দেশে আইএসের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের বাংলাদেশে কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমি আবারও জোর গলায় বলতে চাই, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। আমরা কোনো জঙ্গি সংগঠনকে মাথাচাড়া দিয়ে উঠতে দিইনি। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে।’
সম্প্রতি দুজন বিদেশি নাগরিক হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একধরনের সন্ত্রাসে ব্যর্থ হয়ে আরেক ধরনের সন্ত্রাসী কার্যক্রম বেছে নিয়েছে দুর্বৃত্তরা। মূলত দেশকে অস্থিতিশীল করার জন্যই এসব কার্যক্রম।
এই দুটি হত্যার কারণ উদ্ঘাটনে নিরাপত্তা বাহিনী কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, শিগগিরই এ রহস্য উন্মোচন করতে পারব। এখন যা বলা হচ্ছে, তা সবই অনুমানভিত্তিক। সব ধরনের সন্দেহকে প্রাধান্য দিয়েই আমরা কাজ করছি।’
পরপর এ দুটি হত্যাকাণ্ড সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের বন্ধুপ্রতিম দেশের দুজন নিরীহ লোককে যেভাবে গুলি করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে, দেশের অগ্রগতিকে নস্যাৎ করার জন্য তারা এটি করেছে।’ তিনি বলেন, ‘প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, দুটি হত্যার ধরন একই।’