এ দেশে আল-কায়েদা, আইএস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কোনো আল-কায়েদা, আইএস নেই। ষড়যন্ত্রকারীরা বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর উত্থানের কথা বলে দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টায় লিপ্ত রয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। নবাবগঞ্জ ও দোহার থানা কমিউনিটি পুলিশিং সেল এ সমাবেশের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সব জঙ্গিদের উত্থান বহু আগে হয়েছে। তারা মানুষের পায়ের রগ কেটে এর উত্থান ঘটিয়েছিল। এরপর ৬৩ জেলায় একযোগে বোমা হামলা, হরতালের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তারা কখনো আইএস, কখনো আল-কায়েদা, আনসারুল্লাহ বাংলা টিম পরিচয় দিয়ে আসছে। তা ছাড়া এ দেশে অনেক জঙ্গিরও উত্থান হয়েছিল। জনগণের প্রচেষ্টায় তাদের প্রতিহত করা হয়েছে। মূলত তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের ভিশন বাস্তবায়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। তারা জঙ্গি নামে এ দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়।

মন্ত্রী বলেন, ‘আমরা সারা দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান একত্র হয়ে ঘুরে দাঁড়িয়েছি। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় তাদের প্রতিহত করেছি। পৃথিবীর অন্য দেশের তুলনায় এ দেশ অনেক শান্তিতে আছে। এটা দেশবাসীর সফলতা।’

অনুষ্ঠানের প্রধান বক্তা প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা থেকে নবাবগঞ্জ, দোহার হয়ে শ্রীনগর পর্যন্ত চার লেনের ৫০০ কোটি টাকার রাস্তার কাজ ডিসেম্বরে একনেকে পাস হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তৃণমূল বিএনপি ও জাতীয় জোটের চেয়ারম্যান নাজমুল হুদা। ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সাংসদ সালমা ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিউল ইসলাম, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

রাতে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সংগীত পরিবেশন করেন মমতাজ বেগম, আঁখি আলমগীর, নকুল কুমার বিশ্বাসসহ দেশবরেণ্য শিল্পীরা।