এ দেশে জঙ্গি-সন্ত্রাসবাদের স্থান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংসদে ভাষণ দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংসদে ভাষণ দেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার অপরাধীদের ছাড় দিচ্ছে না। দলীয় সাংসদেরা অপরাধ করলে তাঁদেরও বিচারের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, ‘এ দেশে জঙ্গি-সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। জঙ্গি-সন্ত্রাসবাদ নিয়ে অনেকেই খেলতে চাইবে। কিন্তু সেই খেলা আমি খেলতে দেব না।’
গতকাল বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা এ কথা বলেন। তিনি বলেন, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্পদ নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে তথ্য দিয়েছেন, তা মিথ্যা। ইতিমধ্যে জয় বিএনপির চেয়ারপারসনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেই তথ্যের সত্যতা প্রমাণের জন্য। তিনি আশা করেন, বিএনপির চেয়ারপারসন চ্যালেঞ্জের জবাব দেবেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী জয় সম্পর্কে অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চাইছেন। বিদেশের আদালতে খালেদা জিয়ার দুই ছেলের ঘুষ-দুর্নীতি প্রমাণিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করেছি। চোরচোট্টা বানাইনি। সে নিজেরটা নিজে করে খাচ্ছে। মা হয়ে সন্তানের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ডিজিটাল শব্দটা জয়ের কাছ থেকে শেখা।’
শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টে ২০১২ সালের ২৯ থেকে ৩১ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতিবাজদের প্রোফাইল তুলে ধরা হয়। এই প্রোফাইলের মধ্যে বিএনপির নেত্রীর ছেলেদের নাম রয়েছে।
সংসদ নেতা বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় বিএনপি-জামায়াত জোট তাঁকে অনেকবার হত্যার ষড়যন্ত্র করেছে। এখন তারা জয়কে হত্যার ষড়যন্ত্র করছে। যুক্তরাষ্ট্রে জয়কে হত্যা ও অপহরণের ষড়যন্ত্র হয়েছিল। এটা যুক্তরাষ্ট্রের আদালতে প্রমাণিত। সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সেই ষড়যন্ত্রের সঙ্গে ছিলেন। যুক্তরাষ্ট্রে বিএনপি নেতার ছেলে এফবিআই এজেন্টকে টাকা দিয়ে কিনে ফেলেছিল।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মাটি সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না। পৃথিবীর অনেক দেশে বোমা হামলায় অনেক লোক মারা যাচ্ছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাত-দিন পরিশ্রম করছে পরিস্থিতি ঠিক রাখতে। কেউ যেন জঙ্গি তৎপরতায় জড়িত হতে না পারে, সে জন্য পরিবারের সদস্যদের ওপর নজরদারি করতে হবে। ভাড়াটেদের কোনো আচরণ সন্দেহজনক হলে পুলিশকে জানাতে হবে। তিনি বলেন, কে কী করছে তার বিচার আল্লাহ করবেন। মানুষকে বিচারের ভার দেওয়া হয়নি।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আওয়ামী লীগ সরকারের গত প্রায় সাড়ে সাত বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সংসদে অবহিত করেন। তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন দেশটা ছিল হত্যা, দুর্নীতি আর সন্ত্রাসের দেশ। এ প্রসঙ্গে তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ও সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের বিষয়গুলো উল্লেখ করেন। তিনি বলেন, ২০১৩ সালে সরকার উৎখাতের নামে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছিল তারা। ২০১৪ ও ২০১৫ সালে পাঁচ শর কাছাকাছি মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। প্রায় দুই হাজার মানুষ অগ্নিদগ্ধ হয়ে পঙ্গুত্ববরণ করেছেন। প্রায় আড়াই হাজার বাস-ট্রাক ও ট্রেন পোড়ানো হয়েছে।