
১০০ বছর আগে যখন পর্যাপ্ত সম্পদ ছিল না, তখন জগদীশ চন্দ্র বসু বিক্রমপুরে বসে রেডিও আবিষ্কার করেছিলেন। আর সত্যেন বোস ঢাকায় বসে যে কণা আবিষ্কার করেছিলেন, তা পরে ‘হিগস বোসন কণা’ নামে বিখ্যাত হয়। এ দেশে মেধার অভাব নেই। এ দেশে একদিন মাদাম কুরি তৈরি হবে। এ জন্য ভবিষ্যতের গবেষণাগার তৈরি করতে হবে।
এভাবে বাংলাদেশের বিজ্ঞান জয়যাত্রায় সম্ভাবনার কথা তুলে ধরলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদ হোসেন। গত শনিবার রাতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত ‘ইয়ুথ ডায়ালগ ২০১৫’তে বিশেষ বক্তব্য দেন এই বাংলাদেশি।
জাহিদ হোসেনের মতে, ৫০ বছর আগে ইলেকট্রনিক যুগের শুরু হয়। এরপর আসে কম্পিউটারের যুগ। ভবিষ্যতে আসছে তথ্যের যুগ। একবিংশ শতাব্দীতে ত্রিমাত্রিক প্রকাশ, সবুজ রসায়ন, জ্বালানির কার্যকারিতা, জিন প্রকৌশল, ব্যক্তিভেদে প্রতিষেধক নকশা—এসব নিয়ে গবেষণা হচ্ছে। বিশ্বের অন্য অঞ্চলের মতো বাংলাদেশের তরুণ-তরুণীরা এ গবেষণায় নেতৃত্ব দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। জাহিদ হোসেনের বক্তৃতার বিষয়বস্তু হলো ‘শিক্ষা ও বৈজ্ঞানিক উদ্ভাবন: দারিদ্র্যমুক্ত নতুন পৃথিবীর পথযাত্রা’। রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত এ সংলাপ অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন। সমাজের নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানুষ ও শিম্পাঞ্জির মধ্যে ৯৮ শতাংশ ডিএনএর সামঞ্জস্য থাকলেও এ দুটির পার্থক্য দিয়ে বক্তৃতা শুরু করেন জাহিদ হোসেন। তিনি বলেন, মানুষ কলম দিয়ে লিখে যোগাযোগ করতে পারে; যন্ত্রপাতি তৈরি করতে পারে; আগুন দেখলে ছুটে যায় এবং তা নিয়ন্ত্রণ করতে পারে; বিমূর্ত চিন্তাশক্তি রয়েছে। এগুলোর কোনোটিই শিম্পাঞ্জির মধ্যে নেই। তাঁর মতে, মানুষের এসব গুণই সভ্যতা এগিয়ে নিয়ে গেছে।
মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, উন্নত দেশ তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪-৫ শতাংশ গবেষণা ও এর উন্নয়নে ব্যয় করে। আর বাংলাদেশে মাত্র আড়াই শতাংশের মতো শিক্ষা ও গবেষণায় ব্যয় করা হয়। আরও বক্তব্য দেন এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, সহসভাপতি আনিস এ খান প্রমুখ।