সমাজে সত্যনিষ্ঠদের সমর্থন কম জেনেও অধ্যাপক মোজাফ্ফর আহমদ সত্যকে বেছে নিয়েছিলেন। তিনি পরিণাম নিয়ে ভাবেননি। দেশ, মানবতা আর মানুষের অধিকারের জন্য যখনই ডাক এসেছে, ছুটে গেছেন তিনি। এ দেশের মানুষ তাঁর মতো বিরল ব্যক্তিকে খুঁজে ফিরবে। গতকাল বুধবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সুশাসনের জন্য নাগরিক (সুজন), ধরিত্রী বাংলাদেশ ও জাতিসংঘ সমিতি বাংলাদেশ (ইউন্যাব) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্মারক বক্তৃতায় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মোজাফ্ফর আহমদ বিবেক অনুযায়ী চলেছেন, পরিণামের কথা ভাবেননি। জীবনের শেষ দিকে যখন বেঁচে থাকার জন্য তাঁকে নিয়মিত রক্ত নিতে হয়েছে, তখনো তিনি সভা-সমিতিতে ছুটে গেছেন। তিনি পরিবারকে যেমন ভালোবাসতেন; সমাজ, রাষ্ট্র ও মানবতার প্রতিও ছিল তাঁর অগাধ প্রেম। আনিসুজ্জামান বলেন, ‘জনসেবার এই মনোভাব যদি আদর্শ না হয়, তাহলে আদর্শ আর কী হবে? আমরা কি এই মানুষটির প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হব?’
স্মরণসভায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, সমাজে ন্যায়বান ও সত্য উচ্চারণকারীদের সমর্থন নেই, এটা জেনেও মোজাফ্ফর সত্যকে বেছে নিয়েছিলেন। এটাই তাঁর বিজয়। তিনি বলেন, এ দেশের মানুষ চলতে চায় না, পিছু হটার প্রবণতা বেশি। কিন্তু মোজাফ্ফরের মধ্যে কোনো আলস্য ছিল না। তিনি কখনো পিছু হটেননি।
সভাপতির বক্তব্যে বাপার সভাপতি এ এস এম শাহজাহান বলেন, ‘গত এক বছরে জাতীয় জীবনে উদ্বেগ, উৎকণ্ঠা ও সংঘাত এসেছে। প্রতিবারই আমরা মোজাফফর আহমদকে খুঁজেছি। এই খোঁজা শেষ হবে না। কারণ মোজাফ্ফররা এই সমাজে বিরল।’
টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, মোজাফ্ফর আহমদ কখনো নিজেকে এমন পর্যায়ে নামতে দেননি, যেখানে অন্যের শর্তে চলতে হয়। তিনি চলতেন নিজের শর্তে, যে শর্ত তিনি বিবেকের কাছ থেকে পেয়েছিলেন। তিনি ছিলেন বিরল পর্যায়ের মানুষ। নেতৃত্ব দেওয়ার জন্য এ ধরনের মানুষের খুব দরকার।
মোজাফ্ফর আহমদের স্ত্রী অধ্যাপক রওশন জাহান বলেন, ‘মোজাফ্ফরের মধ্যে আমার ছোটবেলার নায়ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছায়া দেখেছি। জীবনসঙ্গী হিসেবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’ রওশন জাহান বলেন, পদ-পদবি, পদক ও পুরস্কারের মোহ ছিল না তাঁর। কিন্তু তিনি সবগুলোই পেয়েছেন।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, মানুষের অধিকারের প্রশ্নে ডাক এলেই মোজাফ্ফর আহমদ ছুটে যেতেন। এ জন্য তাঁকে অনেক সমালোচনাও শুনতে হয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘জনজীবনে কী কী করণীয় ও বর্জনীয়, তা আমি মোজাফ্ফর আহমদের কাছ থেকে শিখেছি। তিনি আমাদের রোল মডেল।’
স্মরণসভা পরিচালনা করেন স্থপতি ইকবাল হাবিব। শুরুতে উদীচী শিল্পীগোষ্ঠী ও সুজন সাংস্কৃতিক দল জাতীয় সংগীত পরিবেশন করে। স্মরণসভায় শ্রোতার আসনে নাগরিক সমাজের প্রতিনিধি, বরেণ্য শিক্ষাবিদ, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।