এ দেশের স্বাধীনতার ওপর আঘাত হানতে পারে পাশের দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশের মানচিত্র দেখে বলে দেওয়া যায়, এ দেশের স্বাধীনতার ওপর আঘাত হানতে পারে পাশের দেশ। এই দেশ দ্বারা বাংলাদেশ আক্রান্ত হলে নব্য রাজাকারেরা স্বাধীনতাবিরোধী হিসেবে চিহ্নিত হবেন। জাতীয়তাবাদী ও ইসলামি শক্তির নেতা-কর্মীরা রক্ত দিয়ে হলেও স্বাধীনতা রক্ষা করবেন। আপনারা ৪০ বছরের পুরোনো কথা বলে জাতীয়তাবাদী ও ইসলামি শক্তির অগ্রগতিকে রুখতে পারবেন না।’গতকাল বৃহস্পতিবার পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এসব কথা বলেন। গত মঙ্গলবার বিএনপির হরতালে পুলিশের লাঠিপেটা, গণগ্রেপ্তার, জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বারবার পুলিশি তল্লাশির প্রতিবাদে এই সমাবেশ করা হয়।বর্তমান সরকার ভারতের স্বার্থে কাজ করছে দাবি করে আজহার বলেন, সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। তারা ভারতকে ট্রানজিট দিচ্ছে, বাংলাদেশের নৌ ও সমুদ্রবন্দর ব্যবহারের অনুমতি দিচ্ছে।সভায় সরকারের বিরুদ্ধে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের এই নেতা। কর্মসূচির মধ্যে আছে ৫ ডিসেম্বর সারা দেশের উপজেলা পর্যায়ে বিক্ষোভ, ৭ ডিসেম্বর জেলা কেন্দ্রে বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং ৯ ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ। সমাবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্মসূচিও ঘোষণা করে জামায়াত।বাহাত্তরের সংবিধানে ফিরে গিয়ে ধর্মনিরপেক্ষতাবাদের নীতি গ্রহণ, ‘ধর্মহীন’ শিক্ষানীতি করা, ভারতকে ট্রানজিটের নামে করিডর দেওয়া, ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার প্রতিবাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে অপসারণ, দলের শীর্ষস্থানীয় পাঁচ নেতার মুক্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনা, জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বারবার তল্লাশি না চালানোসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বানও জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বলেন, ‘আমাদের পাঁচ নেতাকে যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে আন্দোলনের পর আন্দোলন হবে। চারদলীয় নেতারা নিশ্চয় আমাদের নেতাদের মুক্তির দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।’