রেজাউল হত্যায় অ্যামনেস্টিসহ বিভিন্ন সংগঠনের উদ্বেগ
এ ধরনের হত্যা বন্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও লেখকদের সংগঠন পেন ইন্টারন্যাশনাল। গতকাল শনিবার এ হত্যাকাণ্ডের পর বিবৃতিতে সংগঠন দুটি বলেছে, এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।
হত্যার ঘটনাটি বিভিন্ন দেশের গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে।
অ্যামনেস্টির বিবৃতিতে সংস্থার দক্ষিণ এশিয়ার পরিচালক চম্পা প্যাটেল বলেন, ‘রেজাউল করিম সিদ্দিকী হত্যা ক্ষমার অযোগ্য অপরাধ। দেশের ধর্মনিরপেক্ষতার পক্ষে সক্রিয় ব্যক্তি (সেক্যুলার অ্যাকটিভিস্ট) ও লেখকদের যেভাবে ইসলামপন্থী জঙ্গিরা এর আগে হত্যা করেছে, এ হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে তার মিল আছে।’ তিনি আরও বলেন, গত কয়েক বছরে এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হলেও একজনকেও এ পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয়নি।
পেন ইন্টারন্যাশনালের রাইটার্স ইন প্রিজন কমিটির প্রধান সলিল ত্রিপাঠি এ হত্যাকাণ্ডে ক্ষোভ জানিয়ে মুক্তচিন্তার মানুষের ওপর এ ধরনের ভয়াবহতায় সরকারের ভূমিকার সমালোচনা করেন। বাংলা নববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের উল্লেখ করে ত্রিপাঠি বলেন, প্রধানমন্ত্রী সহিষ্ণুতার আহ্বান জানালেও ঝুঁকিতে থাকা ব্লগারদের সমালোচনা করেন। হত্যাকারীদের বিরুদ্ধে কোনো হুঁশিয়ারি না দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধর্মের বিরুদ্ধে লেখা মোটেও গ্রহণযোগ্য নয়।
অধ্যাপক রেজাউল হত্যায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবতাবাদী সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট অ্যান্ড এথিক্যাল ইউনিয়ন। সংগঠনের প্রেসিডেন্ট এন্ড্রু কপসন বিবৃতিতে বলেন, এসব হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের দোষারোপ করে বাংলাদেশ যা করছে, তা বিশ্বের দৃষ্টিতে আত্মহত্যার শামিল। এর ফলে দেশটির উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে।
বিশ্ব গণমাধ্যমে অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড: অধ্যাপক রেজাউল হত্যার ঘটনা বিশ্ব গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে দীর্ঘক্ষণ ধরে অধ্যাপক রেজাউল হত্যা প্রসঙ্গ শীর্ষ সংবাদ হিসেবে স্থান পায়।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে ঘটনার প্রত্যক্ষদর্শীর বর্ণনার পাশাপাশি বলা হয়, এ হত্যার পেছনে কারা আছে সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি। তবে ইসলামি জঙ্গিগোষ্ঠীর হাতে এর আগে সংঘটিত বিভিন্ন হত্যার সঙ্গে এর মিল আছে বলে পুলিশকে উদ্ধৃত করা হয় এ প্রতিবেদনে। এখানে বলা হয়, বাংলাদেশ সরকার অব্যাহতভাবে দেশে আল-কায়েদা বা ইসলামিক স্টেটের (আইএস) মতো আন্তর্জাতিক ইসলামি জঙ্গি সংগঠনের উপস্থিতির বিষয়টি অস্বীকার করে আসছে। তবে এসব গোষ্ঠীর পক্ষ থেকে দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক সংখ্যালঘু বা বিদেশি নাগরিক হত্যার দায় স্বীকার করা হয়েছে।
এএফপির পরিবেশিত প্রতিবেদনটিই প্রকাশ করে বেশির ভাগ সংবাদমাধ্যম। সিএনএন, নিউইয়র্ক টাইমসসহ মার্কিন গণমাধ্যম খবরটি প্রকাশ করে গুরুত্ব দিয়ে। ভারতের এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দুসহ প্রথম সারির প্রায় প্রতিটি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রে এই শিক্ষক হত্যার প্রসঙ্গ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।