হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচন এবং ১২টি পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘এ নির্বাচন দেশে এবং আশপাশের দেশের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। অতীতে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতাসীন থাকা অবস্থায় এ ধরনের সুষ্ঠু নির্বাচন হয়েছে কি না, তা আমার জানা নেই।’গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর সাংবাদিকদের সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। এ নির্বাচনের মাধ্যমে ভোটারদের মানসিকতার এবং রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।নির্বাচন সুষ্ঠু হওয়ায় প্রধান দুই রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত মাঠপর্যায় থেকে কমিশনে যে প্রতিবেদন এসেছে, তাতে কোথাও কোনো হট্টগোল বা গন্ডগোলের খবর পাওয়া যায়নি। তবে ছোটখাটো কিছু সমস্যা হয়েছে।সরকারের ভূমিকার প্রশংসা করে সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, তার সবগুলোই সুষ্ঠু হয়েছে। কোথাও কোনো সমস্যা হয়নি। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব জায়গায় তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে। বিএনপির পক্ষ থেকে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের যে দাবি ছিল, সে সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট ও বিশ্ব ইজতেমার বিষয় বিবেচনায় নিয়ে কমিশন সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়েছিল। কারণ এ কাজে যথেষ্ট পরিমাণ পুলিশ বাহিনীর ব্যস্ত থাকার কথা। শেষ পর্যন্ত সেনাবাহিনী না পাওয়ায় অতিরিক্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করতে হয়েছে। তাঁরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন।