এ নির্বাচন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সঙ্গে যুদ্ধ: সাঈদ খোকন
এবার সিটি নির্বাচনকে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সঙ্গে মুক্তিকামী মানুষের যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ–সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। তিনি বলেন, কিছুদিন আগেও সারা দেশে তাণ্ডব চলেছে। নিরপরাধ নাগরিকদের মৃত্যু হয়েছে। স্কুল–কলেজ বন্ধ হয়ে গেছে। থমকে গেছে ঢাকা শহর। নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই তাণ্ডবের জবাব দিয়ে বিচার চাওয়ার সময় হয়েছে।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাঈদ খোকন এসব কথা বলেন।
সাঈদ খোকন আরও বলেন, ‘ঢাকা একটি সমস্যাপূর্ণ শহর। এসব সমস্যার সমাধানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়র নির্বাচিত হয়ে তাঁর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে চাই। ঢাকাকে বাসযোগ্য করে তুলতে চাই। শেখ হাসিনা যে ধারার সূচনা করেছেন, তা রক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই।’
সভায় সাঈদ খোকনের নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, দলের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
আফরোজাকে কমিশনে যেতে বললেন সাঈদ খোকন: দেয়ালে পোস্টার লাগানোসহ নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন—প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ‘উনি তো আমার চাচি, মায়ের মতো। উনি এসব না বলে নির্বাচন কমিশনে অভিযোগ করলেই পারেন।’ ছাত্রলীগের অনুষ্ঠানে যোগ দেওয়া আচরণবিধির লঙ্ঘন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ছাত্রলীগ একটা স্বাধীন সংগঠন, এটা ছাত্রদের সংগঠন।’
২১ নম্বর ওয়ার্ডকে উন্মুক্ত করার দাবি: সভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ ও পরীবাগ এলাকা নিয়ে গঠিত ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে কাউকে সমর্থন না দিতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানান।
নাজমুল বলেন, ‘আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় যে ওয়ার্ডে, সেই এলাকায় এমন একজন কাউন্সিলর নির্বাচিত হোক, যিনি ন্যূনতম অনার্স ও মাস্টার্স পাস। এখানে যাঁকে সমর্থন দেওয়া হয়েছে, সে ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের যদি কোনো বাধ্যবাধকতা থেকেও থাকে, তাহলে আমি বলব, এই ওয়ার্ডটি উন্মুক্ত করে দেওয়া হোক। ভোটাররা যাকে খুশি বেছে নেবে।’
এ সময় মিলনায়তনভরা ছাত্রলীগের কর্মীরা তুমুল করতালি দিয়ে তাঁর প্রস্তাব সমর্থন করেন। ২১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ–সমর্থিত এম এ হামিদ খানের বিপরীতে ছাত্রলীগের সহ–সম্পাদক আসাদুজ্জামান প্রার্থী হয়েছেন।