গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এ নির্বাচনের কারণে জাতীয় কিংবা আন্তর্জাতিকভাবে দেশ কোনো বিপর্যয়ে পড়লে এর জন্য বর্তমান সরকার দায়ী থাকবে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে বারবার বলা সত্ত্বেও নির্বাচন স্থগিত করে সরকার সংকট সমধানে উদ্যোগ নেয়নি। রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া ভোটারবিহীন এই নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পাবে না। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে পরাজয়ের ভয়ে সংবিধান সংশোধন করে নিজের ইচ্ছামতো ক্ষমতায় থেকে ৫ জানুয়ারি নির্বাচন করতে যাচ্ছে।
বর্জনের আহ্বান বাম মোর্চার: ‘প্রার্থী ও ভোটারবিহীন’ এই নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
গতকাল বিকেলে তোপখানা রোডে বাম মোর্চার কার্যালয়ে ‘বর্তমান রাজনৈতিক সংকট ও বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ’ শীর্ষক আলোচনা সভা থেকে এই আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিরোধী দলের আন্দোলনে জনবিচ্ছিন্নতা ও বোমাবাজির সমালোচনা করেন বাম মোর্চার নেতারা।