বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বাংলাদেশের রাজনীতির পটপরিবর্তনের সূচনা করবে। সরকারের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে, তা এ নির্বাচনে চট্টগ্রাম উন্নয়নের আন্দোলনের প্রার্থীর জয়ের মাধ্যমে প্রমাণিত হবে। গতকাল শনিবার বিকেলে নগরের ষোলশহর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে পেশাজীবী নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।বক্তারা আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমালোচনা করে বলেন, ১৭ বছরে তিনি চট্টগ্রামের উন্নয়নে কিছুই করতে পারেননি। আগামী পাঁচ বছরে কীভাবে চট্টগ্রামকে সিঙ্গাপুর বানাবেন? সততা ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলম উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছেন। তাই চট্টগ্রামের কার্যকর উন্নয়নে তিনিই হচ্ছেন যোগ্য ব্যক্তি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেয়র পদপ্রার্থী মঞ্জুর আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আফসার উদ্দিন চৌধুরী বক্তৃতা করেন।গণসংযোগ: চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর আলম গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিউদ্দিনের এলাকায় গণসংযোগ করেন। নগরের খতিবের হাট, মুরাদপুর, ষোলশহর, বিবিরহাট, মির্জাপুল, ষোলশহর, শুলকবহর, জালালাবাদ ও শেরশাহ এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় মঞ্জুর আলমের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, জাতীয় পার্টির (জেপি) মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম।