এ নির্বাচনে মানুষের অনাস্থা আরও বাড়ল: সাকি

সিটি করপোরেশন নির্বাচনকে ‘প্রহসন’ উল্লেখ করে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, এ নির্বাচনে দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা আরও বাড়বে। আজ বুধবার রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাকি অভিযোগ করেন, নির্বাচন কমিশন, সরকার দলীয় মাস্তান ও পুলিশের আঁতাতে প্রহসনের নির্বাচন মঞ্চায়িত হয়েছে। মানুষদের ভোট দিতে দেওয়া হয়নি, যাঁরা দিয়েছেন, তাঁদেরটাও গণনা করা হয়নি। সরকারের সাজানো পরিকল্পনা অনুযায়ী ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।
সাকির দাবি, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার বদল ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় লড়াইয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাকি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী আবদুস সালাম, দলটির সমন্বয় কমিটি সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আক্তার,আবুল হাসান রুবেল প্রমুখ। তাঁরা অভিযোগ করেন, গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জোনায়েদ সাকির পক্ষে বিভিন্ন কেন্দ্রের ৮০০ পোলিং এজেন্টকে বের করে দিয়েছে সরকার সমর্থক ও পুলিশ। নির্বাচনী ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না বলে তাঁরা মন্তব্য করেন।