এ নির্বাচনের ওপর বৈধ সরকার হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ‘খারাপ নজির’ হিসেবে চিহ্নিত হবে। এই নির্বাচনের ওপর কোনো বৈধ সরকার হতে পারে না। তাই তা বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘৫ জানুয়ারির কলঙ্কিত নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ অভিমত দেন। বিএনপি-জামায়াতপন্থী পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন নির্বাচনের বিভিন্ন ‘নেতিবাচক’ দিক তুলে ধরে বলেন, ‘এই নির্বাচন অবৈধ। এই নির্বাচনের ওপর ভিত্তি করে কোনো বৈধ সরকার হতে পারে না।
এ অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার পরপরই প্রেসক্লাব এলাকা থেকে আটক হন খন্দকার মাহবুব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান বলেন, দেশে বা বিদেশে কোনো স্থানেই এই ভোট গ্রহণযোগ্য হবে না। লিখিত প্রবন্ধে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ নির্বাচনের বিভিন্ন ধরনের অনিয়ম ও কারচুপির চিত্র তুলে ধরেন।
কয়েকজন বক্তা আন্দোলনে বিরোধী দলের নেতা-কর্মীদের ‘নিষ্ক্রিয়তায়’ ক্ষোভ প্রকাশ করেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ফ ম ইউসুফ হায়দার, আখতার হোসেন খান, ওবায়দুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম প্রমুখ।