ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল শনিবার ভোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত বছরের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনাসহ শুক্রবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত নয় জেলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি।
এ নিয়ে সড়ক দুর্ঘটনায় গত ১০৫ দিনে বিভিন্ন জেলায় ৯৩১ জন মারা গেলেন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় গতকাল ভোরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে চিন্ময় ঘোষ (৭), হাজেরা খাতুন (২২) ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত আরেকজন প্রাণ হারান। এ দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা মাস্তা এলাকায় শুক্রবার গভীর রাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের মহিবুল মিয়া (৫৫) ও কামাখালী গ্রামের মানু মিয়া (৪৫)। তাঁরা দুজনই গরুর ব্যবসায়ী।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার জানান, ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে রংপুরগামী সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
উপজেলার বোয়ালিয়া এলাকায় গতকাল দুপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল ভোরে থেমে থাকা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুরগিবাহী পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পরিচয় নিশ্চিত হওয়া দুজন হলেন নওগাঁ জেলার বদলগাছি থানার আসলাম (৩৮), সদর থানার মানিক (২৫)।
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ফকিরহাট উপজেলার চান্দেরডোন গ্রামের উত্তম বৈরাগী (৪৫) ও সাতবাড়িয়া গ্রামের ফারুক হোসেন (৩০)।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল ভোরে এবং শুক্রবার রাতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বার আউলিয়া হাইওয়ে পুলিশ জানায়, মোহাম্মদ নিশান (২২) নামের এক নিরাপত্তা প্রহরী দায়িত্ব শেষে গতকাল ভোরে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নিহত হন। শুক্রবার রাত নয়টার দিকে মাদামবিবিরহাট মাজারগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মারা যান শাহ আলম (৬০)।
গতকাল সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাফা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি ভটভটি চায়ের দোকানে ঢুকে পড়লে ইসাহাক হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধ মারা যান।
নড়াইল শহরের মৎস্য প্রজনন খামারের সামনে গতকাল বাসের ধাক্কায় প্রাণ হারান আজিজুর রহমান (৩৫) নামের একজন। মাদারীপুরের শিবচরে ইটবোঝাই মাহেন্দ্র গাড়ির চাপায় নিহত হন খালেক মুনশি (৭২)। এ ছাড়া চুয়াডাঙ্গার জীবননগরের উথলী ইউনিয়নের পেয়ারাতলায় বাসের চাপায় নিহত হন চাতালশ্রমিক নাসিমা খাতুন (৪৫)।