নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় গতকাল শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলারটি দুপুরে উদ্ধারের পর উদ্ধার তৎপরতা বন্ধ করা হয়। এর আগে গত শুক্রবার পার্বতী বর্মণ ও অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসীর অভিযোগ, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না করেই উদ্ধার তৎপরতা বন্ধ ঘোষণা করা হয়েছে। এখনো নিখোঁজ আছেন উপজেলার রামচন্দ্রদী গ্রামের ইজ্জত আলী, বিশনন্দী গ্রামের পারুল বেগম ও সানজিদা বেগম, উপজেলার দড়ি বিশনন্দী গ্রামের লিপি এবং গাজীপুরের শিমলা বেগম।তবে পুলিশ জানায়, দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল ভোর থেকেই উপজেলার বিশনন্দী গ্রামে মেঘনা নদীতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালায় ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরি দল। এদিকে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা নিজ উদ্যোগে নৌকায় করে নদীতে তল্লাশি চালাচ্ছেন। নিখোঁজ ব্যক্তিদের না পেয়ে স্বজনদের অনেককেই নদীর তীরে আহাজারি করতে দেখা গেছে। সকালে জেলেদের জালে সখিনা বেগম (৩৫) নামের এক নারীর লাশ আটকা পড়লে তাঁকে উদ্ধার করা হয়। তিনি বিশনন্দী গ্রামের সরদার আলীর স্ত্রী। এ ছাড়া দুপুর আড়াইটায় ডুবুরি দল ১২ বছর বয়সী মানছুরা ও আট বছর বয়সী বৈশাখীর লাশ উদ্ধার করে। মানছুরা নরসিংদীর খাদিমের চর এলাকার আবু দাইয়ানের ও বৈশাখী কুমিল্লার হোমনা এলাকার জাহাঙ্গীর মিয়ার মেয়ে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, হিসাব অনুযায়ী এখনো দুজন নিখোঁজ আছেন। তাঁরা হলেন পারুল বেগম ও শিমলা বেগম। ধারণা করা হচ্ছে, তাঁরা বেঁচে নেই। তাঁদের লাশ উদ্ধারে চেষ্টা চলছে।