এ পি জে আবদুল কালামের মৃত্যুতে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ পি জে আবদুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন এক শোকবার্তায় বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম পরমাণুবিজ্ঞানী হিসেবে মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি রাষ্ট্রপতি থাকার সময়ে বাংলাদেশ ও ভারতের জনগণের মৈত্রী ও বন্ধনকে এক মর্যাদাপূর্ণ স্থানে উন্নীত করেছিলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তিনি শুধু ভারতের রাষ্ট্রপতিই ছিলেন না, ছিলেন একজন বিখ্যাত পরমাণুবিজ্ঞানী এবং বহুমাত্রিক জ্ঞানের অধিকারী পণ্ডিত।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁর শোকবার্তায় বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম ছিলেন সারা বিশ্বের বাতিঘর। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে আর বিশ্ব হারিয়েছে একজন জ্ঞানের সাধককে। শোক জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ।
এ ছাড়া ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় গণতান্ত্রিক লীগ, বরিশাল বিভাগ সমিতি আবদুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।