এ বছর জনশক্তি রপ্তানি দাঁড়াবে সাড়ে ৫ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, চলতি বছর এখন পর্যন্ত বিভিন্ন দেশে ৫ লাখ ২৩ হাজার ৫৯৮ জন জনশক্তি রপ্তানি করা হয়েছে। চলতি বছরে এই সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে ৫ লাখ।
আজ শুক্রবার আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ বছর প্রবাসীদের পাঠানো আয় (রেমিট্যান্স) দেড় হাজার কোটি মার্কিন ডলারে গিয়ে দাঁড়াবে বলে তিনি আশা করেন। বর্তমানে প্রায় ৯৬ লাখ বাংলাদেশি বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত আছেন।
এবারের অভিবাসী দিবসের স্লোগান হলো ‘বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন’। বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, অভিবাসী মেলা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও বিদেশফেরত বাংলাদেশি কর্মীদের সংবর্ধনা।
সংবাদ সম্মেলনে মন্ত্রী হুঁশিয়ারি দেন, অভিবাসী হিসেবে দেশ থেকে অবৈধভাবে কাউকে যেতে দেওয়া হবে না। ইতিমধ্যে নৌকায় করে যাওয়া বন্ধ করা হয়েছে।
নুরুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় জি টু জি প্লাস (সরকারের হাতে রেখে বেসরকারি রপ্তানিকারকদের যুক্ত করে) পদ্ধতিতে শ্রমিক পাঠানোর বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। বাকি শুধু সমঝোতা স্মারক সই।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সিন্ডিকেট তৎপর আছে—সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিন্ডিকেটের বিষয়ে তাঁর জানা নেই।