প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত বাস্তবায়ন নিয়ে সেমিনার
এ বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী তুলে দেওয়ার পরামর্শ
প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করায় চলতি বছর থেকে পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন কয়েকজন শিক্ষক। তাঁদের অভিমত, এ বছর থেকেই অষ্টম শ্রেণি শেষে এই সমাপনী পরীক্ষা হওয়া উচিত।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে শিক্ষকেরা এ পরামর্শ দেন। ‘অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা এবং বাস্তবতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গত ১৮ মে সরকার প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার ঘোষণা দেয়। তবে সময় কম থাকায় এ বছর আগের মতোই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তারা আগামী বছর থেকে অষ্টম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেবে।
সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম বলেন, পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা এ বছরই বন্ধ করে দেওয়া উচিত।
পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়াই কাম্য বলে মত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আখতারুজ্জামান। তিনি বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত যেহেতু প্রাথমিক শিক্ষা হয়ে গেছে, তাহলে অষ্টম শ্রেণি শেষেই এ সমাপনী হওয়া উচিত।
শিক্ষকদের পরামর্শের জবাবে সেমিনারের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, তাঁদেরও সুপারিশ থাকবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা একটিই থাকুক।
সেমিনারে মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ছিদ্দিকুর রহমান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব হুমায়ূন খালিদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান প্রমুখ।