এ বছর বিদেশে যাবেন ৮ লাখ কর্মী
চলতি বছরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে আট লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম। আজ বৃহস্পতিবার সরকারি দলের এম এ মালেকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশে মোট ৯ লাখ ৭৭ হাজার ৩২৩ জন দক্ষ এবং ৭ লাখ ৩১ হাজার ১১০ জন অদক্ষ কর্মী পাঠানো হয়েছে।
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, ১৯৭৬ থেকে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ছাড়পত্র নিয়ে ২৮ লাখ ৪১ হাজার ৯৬৩ জন কর্মী সৌদি আরবে গেছেন। সৌদি আরব থেকে ২০১৫-১৬ সালে অর্জিত প্রবাসী আয়ের পরিমাণ ২ হাজার ৫৮২ দশমিক ২৬ মিলিয়ন এবং ২০১৬-১৭ বছরের ডিসেম্বর পর্যন্ত অর্জিত প্রবাসী আয়ের পরিমাণ ১ হাজার ১৪৫ দশমিক শূন্য ২ মিলিয়ন মার্কিন ডলার।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের চাহিদার ৯৮ ভাগ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। ওষুধ বর্তমানে অন্যতম শিল্প খাতে পরিণত হয়েছে। দেশে উৎপাদিত বিভিন্ন প্রকার ওষুধ ও ওষুধের কাঁচামাল বিশ্বের ১২৭টি দেশে রপ্তানি হচ্ছে। গত ২০১৫-১৬ অর্থবছরে দেশীয় ৫৪টি ওষুধ কোম্পানি ১২৩টি দেশে মোট ৮৩৬ কোটি ৮১ লাখ টাকার ওষুধ রপ্তানি করেছে।
জাসদের নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেসরকারি পর্যায়ে চিকিৎসাসেবা যুগোপযোগী করতে ‘চিকিৎসাসেবা আইন-২০১৭’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ আইনে ব্যক্তিমালিকানাধীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সুচিকিৎসা প্রদান, সেবার মান নিশ্চিতকরণের জন্য বিভিন্ন প্রস্তাব করা হয়েছে।
নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, সরকার সৌদি সরকারের অনুদানে প্রতিটি উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। অর্থায়ন নিশ্চয়তা এবং নকশা চূড়ান্ত হলে প্রকল্পটি বাস্তবায়ন শুরু হবে।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।