এ বছর মাঝারি বন্যার আশঙ্কা
দেশের প্রায় সব নদ-নদীর পানি একযোগে বাড়ছে। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা ও কুশিয়ারার পানি আজ ও কালও বাড়তে পারে
প্রশান্ত মহাসাগর এলাকার আবহাওয়ায় গত বছর ‘এল নিনো’ নামের এক বিশেষ অবস্থা সৃষ্টি হয়ে পৃথিবীর প্রায় অর্ধেক এলাকাজুড়ে খরা দেখা দিয়েছিল। এ বছর চলতি মাস থেকে ওই এলাকায় এল নিনোর বিপরীতে ‘লা নিনা’ সৃষ্টি হচ্ছে। এর ফলে মাঝারি বন্যা হতে পারে।
বৈশ্বিক জলবায়ু ও আবহাওয়া নিয়ে গবেষণা করে এমন সংস্থাগুলো বলছে, এ বছর যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র দ্বীপমালা থেকে শুরু করে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় বৃষ্টি বেশি হবে। এর ফলে এসব এলাকায় বন্যা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ক্লাইমেট প্রেডিকশন চলতি মাসে বৈশ্বিক আবহাওয়ার ধরন নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, এক সপ্তাহ ধরে লা নিনা শক্তিশালী হয়ে ওঠায় প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। তাই মৌসুমি বায়ু ভূখণ্ডের দিকে তীব্রগতিতে এগোচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর-সংলগ্ন এলাকাগুলোয় বৃষ্টি ও বন্যা বেশি হবে।
গত মাসে জাতিসংঘের কৃষি ও খাদ্যবিষয়ক সংস্থা (এফএও) থেকে প্রশান্ত মহাসাগরে লা নিনা সক্রিয় হয়ে ওঠার পূর্বাভাস দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিশ্বের রাষ্ট্রগুলোকে কৃষিতে সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।
অবশ্য গত ২৫ ও ২৬ এপ্রিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আবহাওয়াবিদদের সংগঠন মৌসুমি বায়ু ফোরাম থেকে লা নিনা সক্রিয় হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকবে। এর ফলে বৃষ্টি বেশি হয়ে এ অঞ্চলের বেশ কয়েকটি দেশে বন্যা বাড়তে পারে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এনসো প্রেডিকশন সেন্টারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এল নিনো-লা নিনাবিষয়ক গবেষক রাশেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, সাধারণত প্রতিবছর স্বাভাবিক বন্যায় বাংলাদেশের ২৫-৩০ হাজার বর্গকিলোমিটার এলাকা ডুবে যায়। এবার ৪০-৫০ হাজার বর্গকিলোমিটার এলাকা ডুবতে পারে। তাই এখন থেকে কৃষি, ত্রাণ ও চিকিৎসাবিষয়ক প্রস্তুতি নিতে হবে।
গতকাল সন্ধ্যায় সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দেশের প্রায় সব নদ-নদীর পানি একযোগে বাড়ছে বলে মনে করছেন বন্যা ও জলবায়ু বিশেষজ্ঞরা। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা ও কুশিয়ারার পানি আজ ও কালও বাড়তে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের নদ-নদীর ৭৪টি স্থানে পানি বাড়ছে। আর কমছে ১১টির। ব্রহ্মপুত্র, ধলেশ্বরী, কংস, গোয়াইন ও সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এর ফলে কুড়িগ্রাম, নীলফামারী, টাঙ্গাইল ও সিলেট এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়া শুরু হয়েছে।
ইতিমধ্যে তিস্তার পানি বিপৎসীমার ১০ থেকে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাটসহ বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘণ্টা পানি বাড়তে থাকবে। এরপর এ পানি নামতে দু-এক দিন সময় লাগবে।
এ বিষয়ে জানতে চাইলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে তাতে আগামী দু-তিন দিন বন্যার পানি বাড়তে পারে। পরে বন্যা পরিস্থিতি কেমন হবে তা নির্ভর করবে তখন কী পরিমাণে বৃষ্টি হয় ও উজান থেকে কী পরিমাণে পানি আসে, তার ওপর।
পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, বাংলাদেশের ভেতরের নদীগুলো দিয়ে যে পানি প্রবাহিত হয়, তার ৯২ শতাংশ আসে উজানে ভারত ও নেপালের হিমালয় থেকে। বাকি ৮ শতাংশ পানি আসে বাংলাদেশের ভেতরে যে বৃষ্টি হয়, তা থেকে। সেই হিসাবে বাংলাদেশে বন্যা হবে তখনই, যখন উজান থেকে পানি আসার পরিমাণ বেড়ে যাবে। আর এ বছর উজান থেকে পানি আসার পরিমাণ বেশি।