এ বছর রেকর্ড বিদেশি বিনিয়োগ আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ হ ম মুস্তফা কামাল । ফাইল ছবি
আ হ ম মুস্তফা কামাল । ফাইল ছবি

চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগ আসবে বলে প্রত্যাশা করছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এ বছর ৭০০ থেকে ৮০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আসবে। এটি রেকর্ড হবে। কোনো বছরই ২০০ কোটি ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আসেনি। কেননা এখন বিদ্যুতের কোনো সংকট নেই। আগে বিদ্যুতের সমস্যা ছিল, বিদেশি বিনিয়োগের অন্তরায় ছিল। 

আজ সোমবার বিকেলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেন পরিকল্পনামন্ত্রী। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ সব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, ‘কোনো দেশে বিনিয়োগ করার আগে ওই দেশের জিডিপি-ঋণ অনুপাত বিশ্লেষণ করে বিদেশি বিনিয়োগকারীরা। বাংলাদেশে জিডিপি-ঋণ অনুপাত ৩৫ শতাংশের মতো। এটি বেশ ভালো।’

নির্বাচনের বছরে উন্নয়ন প্রকল্পের কাজ যাতে আটকে না থাকে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সচিবদের নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেছেন, ‘সামনে নির্বাচন আসছে। প্রত্যেক নির্বাচনের বছরে উন্নয়ন কম হয়। ব্যবসা-বাণিজ্য কম হয়, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও কম হয়। এ বছর এগুলো যাতে না হয়, সেই নির্দেশ দিয়েছি।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, অন্য নির্বাচনের বছরের মতো এবারও যদি উন্নয়ন কম হয়, তাহলে উন্নয়নে ঘাটতি দেখা দেবে। এখন জিডিপি প্রবৃদ্ধির ভালো ধারা চলছে, তা ধরে রাখতে হবে।
পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ছোট পরিসরের মন্ত্রিসভা হবে। এই মন্ত্রিসভার গতানুগতিক কাজ ছাড়া নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে না। তখন যাতে উন্নয়নকাজে ব্যাঘাত না হয়, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।