এ বছর স্মার্ট কার্ড পাবে নয় কোটি ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মধ্যে দেশের ৯ কোটি মানুষের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংসদকাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার সংসদে সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

আনিসুল হক বলেন, ২ অক্টোবর ২০১৬ থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ শুরু হয়েছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ হবে বলে আশা করা যায়। এ সময়ের মধ্যে নিবন্ধিত ৯ কোটি ভোটারের মাঝে পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

জাতীয় পার্টির নাসরিন জাহানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, সুপেয় পানি ও কৃষিকাজে ভূগর্ভস্থ পানির ওপর বেশি নির্ভরশীলতার কারণে ভূগর্ভস্থ পানির স্তর ৩ থেকে ১০ মিটার পর্যন্ত নিচে নেমে গেছে। ফলে গ্রীষ্ম মৌসুমে নলকূপে পর্যাপ্ত পানি পাওয়া যায় না।

সরকারি দলের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার ১৯৯৯ সাল থেকে মানুষকে সুপেয় পানি পানের ব্যবস্থা করে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৮৫ হাজার ৭৪৪টি নিরাপদ পানির উৎস স্থাপন করা হয়েছে। এ ছাড়া পল্লি অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২০১৯ সালের মধ্যে ৬৩ হাজার ৪০৮টি বিভিন্ন ধরনের নিরাপদ পানির উৎস স্থাপন করা হবে।