এ বছর হজযাত্রী পরিবহন শুরু ২৯ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর হজযাত্রী পরিবহন শুরু হবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। সৌদি আরব থেকে ফিরতি বিমান ছাড়া শুরু করবে ১৫ নভেম্বর। ১৬ ডিসেম্বর শেষ বিমান আসবে।গতকাল সোমবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের এ কথা জানান। সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হজব্যবস্থাপনা-সংক্রান্ত আন্তমন্ত্রণালয়ের সভা শেষে তিনি এ কথা জানান। মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল, বিমানের ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর (অব.) এম জাকীউল ইসলাম, বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হোসেন সভায় উপস্থিত ছিলেন। জি এম কাদের জানান, এ বছর এক লাখ ২০ হাজার হজযাত্রী পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বাকি এক লাখ পাঁচ হাজার বেসরকারি ব্যবস্থাপনায়।সভায় জানানো হয়, আগামী ৭ জুলাইয়ের মধ্যে হজ পালনে আগ্রহী ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ সময় আর বাড়ানো হবে না। মন্ত্রী জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় মোট ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৫৯ হাজার টাকা। এর সঙ্গে খাওয়া, কোরবানির খরচ বাবদ ৩০ হাজার টাকার সমপরিমাণ কমবেশি এক হাজার ৫০০ সৌদি রিয়াল সঙ্গে নিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ দুই লাখ ৫৯ হাজার টাকার কম করা যাবে না কারণ থাকা ও খাওয়ার মান বজায় রাখতেই এ টাকার নিচে বেসরকারি ব্যবস্থাপনায় হজ সম্ভব নয়।