২০১৬ সালে এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনের সদস্যদের বিরুদ্ধে ৪৪টি যৌন নিপীড়নের অভিযোগ পেয়েছে জাতিসংঘ। এর মধ্যে এক বাংলাদেশিসহ তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব সংস্থাটি।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ জানিয়েছেন, ৪৪টি অভিযোগের ৩৫টিই এসেছে সেনাসদস্যদের বিরুদ্ধে। আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের শান্তিরক্ষা মিশনেই ২৯টি যৌন নিপীড়নের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কঙ্গোয় সাতটি, হাইতিতে দুটি এবং দক্ষিণ সুদান, আইভরি কোস্ট ও মালিতে একটি করে অভিযোগ পাওয়া গেছে। এগুলোর মধ্যে ৪০টি অভিযোগই অপ্রাপ্তবয়স্কদের ওপর নিপীড়নের।
মুখপাত্র দুজারিচ জানান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অভিযুক্ত শান্তিরক্ষী বাহিনীর বাংলাদেশি সদস্যের বিরুদ্ধে ঢাকায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে তাঁকে চাকরি থেকে বরখাস্ত ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই দেশে অভিযুক্ত মিসরীয় সদস্যকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। ৪১টি অভিযোগ তদন্তাধীন।
বাংলাদেশি সদস্যের ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, জাতিসংঘ থেকে দুজনের সম্পৃক্ততার কথা জানানো হয়েছিল। পরে সংস্থাটির প্রতিনিধিসহ সেনাবাহিনী বিষয়টি তদন্ত করে দেখে। এতে একজনের বিরুদ্ধে সামান্য সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। তাঁকে সেনা আইনে প্রযোজ্য সাজা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।