এ বছর ৫০ হাজার নারী শ্রমিক নেবে হংকং
চলতি বছর বাংলাদেশ থেকে ৫০ হাজার নারী শ্রমিক নিতে চায় হংকং। গৃহকর্মী হিসেবে ওই শ্রমিকদের নেওয়া হবে, যাঁরা প্রতি মাসে অন্তত ৫০ হাজার টাকা বেতন পাবেন। মালয়েশিয়ার মতো সরকারিভাবে নিবন্ধন করে এবং প্রশিক্ষণ দিয়ে নারী কর্মীদের ওই দেশটিতে পাঠানো হবে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে এ তথ্য জানা গেছে। আজ মঙ্গলবার হংকংয়ের আরও একটি বেসরকারি সংস্থার প্রতিনিধিদল কর্মী নেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।বিএমইটি সূত্র জানায়, একসময় ইন্দোনেশিয়া থেকে প্রচুর নারী গৃহকর্মী নিলেও এখন বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় হংকং। ইতিমধ্যে দেশটির দুটি বেসরকারি সংস্থার সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়ে গেছে। হংকং যেতে একেকজন নারী শ্রমিকের খরচ পড়বে সর্বোচ্চ ৪৫ থেকে ৫০ হাজার টাকা। প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, হংকংয়ে বাংলাদেশি নারী কর্মীদের বিপুল সম্ভাবনা রয়েছে। দেশটি ধাপে ধাপে প্রায় দুই লাখ নারী কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।হংকংয়ে যেতে ইচ্ছুক কর্মীদের কবে নাগাদ নিবন্ধন শুরু হবে, জানতে চাইলে বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন্নাহার ‘মালয়েশিয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আমরা এই প্রক্রিয়া শুরু করব।’ বিএমইটির তথ্য অনুযায়ী, ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে দুই লাখ ছয় হাজার ৫২৫ জন নারী কর্মী বিশ্বের বিভিন্ন দেশে গেছেন। তাঁদের বেশির ভাগই লেবানন, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মরিশাস ও সিঙ্গাপুরে কাজ করছেন।