এ বছর ৬৬২ জন নারী ও শিশু ধর্ষণের শিকার
বেসরকারি সংগঠন অধিকারের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ৬৬২ জন নারী ও শিশু। এর মধ্যে শিশুর সংখ্যা ছিল ৪০৯ জন।
গত বুধবার নারীর প্রতি সহিংসতা নির্মূলে আন্তর্জাতিক দিবস উপলক্ষে অধিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অধিকারের তথ্য অনুযায়ী, ধর্ষণের চেষ্টার শিকার হয় আরও ৭৯ জন নারী ও শিশু। ১৫৬ জন নারী যৌন হয়রানির শিকার হয়। যৌতুকের কারণে ৯৮ জন নারীকে হত্যা করা হয় এবং একই কারণে সহিংসতার শিকার হয় ৬৩ জন। নির্যাতন সহ্য করতে না পেরে ছয়জন নারী আত্মহত্যা করে। অ্যাসিড-সহিংসতার শিকার হয় ৩৩ জন নারী ও শিশু।
অনুষ্ঠানে অধিকারের তথ্যভিত্তিক এ প্রতিবেদন উপস্থাপন করেন তথ্যায়ন ও গবেষণা কর্মকর্তা সামিয়া ইসলাম। এতে সভাপতিত্ব করেন অধিকারের জেন্ডার বিশেষজ্ঞ তাসকিন ফাহমিনা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়রা রহমান খান, অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান, শ্রমজীবী নারী মৈত্রীর আহ্বায়ক বহ্নি শিখা, সাংবাদিক কাজী জেসিন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।