এ বছরই ইসি ইউপি পৌরসভা ডিসিসি নির্বাচন করতে চায়
নির্বাচন কমিশন (ইসি) এ বছরই ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন করতে চায়। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।তিনি জানান, সেপ্টেম্বরের শেষ দিকে ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের চিন্তাভাবনা রয়েছে। এরপর মেয়াদোত্তীর্ণ ইউপি ও পৌরসভার নির্বাচন করা হবে।প্রসঙ্গত, ২০০৭ সালের মে মাসে ডিসিসি নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে। চার হাজার ৪০৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মেয়াদ শেষ হয়েছে ২০০৮ সালের শুরুতে। এ ছাড়া আড়াই শর বেশি পৌরসভা মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে।সাখাওয়াত হোসেন আরও জানান, ডিসিসি নির্বাচনের আগেই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। তবে এ ক্ষেত্রে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে আগে সংলাপ হবে। সংলাপের বিষয়বস্তুর খসড়া চূড়ান্ত করা হয়েছে। সংলাপে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলকে অর্থায়ন করা, ইসির উদ্যোগে জনসভা করা, দলগুলোর নিবন্ধন রাখতে নির্দিষ্ট পরিমাণ ভোট পাওয়ার বাধ্যবাধকতা আরোপসহ আরপিওর আরও কিছু সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।