এ বছরই চট্টগ্রাম সিটি জরিপ: ভূমি প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফুজ্জামান চৌধুরী
সাইফুজ্জামান চৌধুরী

চলতি বছরই চট্টগ্রামে সিটি জরিপ শুরু হবে। এ ঘোষণা দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
আজ সকালে চট্টগ্রামের চান্দগাঁও ও আগ্রাবাদ ভূমি সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সিটি জরিপের পর আমরা গ্রাম পর্যায়ের জরিপকাজ শুরু করতে চাই। আশা করি সেটা হয়ে যাবে।’
আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ষোল শহরের এই দুই ভূমি দপ্তর আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। গিয়ে তিনি সেখানে থাকা বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ও নারীদের সুবিধার্থে ওয়ানস্টপ সার্ভিস চালুর নির্দেশ দেন।

চলতি সপ্তাহের মধ্যে এই সেবা চালুর নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী কর্মকর্তাদের বলেন, ‘এখানে অনেক বয়স্ক লোকজন এসে পাঁচতলা পর্যন্ত উঠতে পারেন না। লিফটও নেই। এ বিষয়ে অনেকে আমাকে অভিযোগ দিয়েছেন। তাই আপনারা চলতি সপ্তাহের মধ্যে নিচতলায় দুটি ওয়ানস্টপ সার্ভিস চালু করেন।’
আকস্মিক পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল জলিলকে এই তাৎক্ষণিক সেবাদান কার্যক্রম চালু হয়েছে কি না, তা দেখভাল করার নির্দেশ দেওয়া হয়।
প্রতিমন্ত্রী ষোল শহরের একই ভবনে অবস্থিত আগ্রাবাদ ও চান্দগাঁও ভূমি সার্কেল আকস্মিক পরিদর্শনে যান। প্রথমে তিনি নিচতলায় ঢুকে খাজনা আদায়ের কক্ষে চলে যান। এ সময় ওই কক্ষে জমির খাজনা দিতে আসেন স্থানীয় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি। প্রতিমন্ত্রী সাইফুজ্জামান তখন নজরুল ইসলামের কাছে জানতে চান, কোনো অভিযোগ রয়েছে কি না?
জবাবে নজরুল ইসলাম বলেন, ‘না আমার কোনো অভিযোগ নেই।’ একইভাবে মন্ত্রী আরও দুজন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলেন। তাঁরাও কোনো অভিযোগ নেই বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন।
এর পর মন্ত্রী তৃতীয় তলায় উঠে চান্দগাঁও সার্কেলের কয়েকটি কক্ষ পরিদর্শন করেন। পরে তিনি একই তলায় চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনারের (এসি) কক্ষে বসে দুই সার্কেলের সহকারী কমিশনারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তহসিলদারদের হয়রানিবিহীন সেবা দেওয়ার নির্দেশ দেন। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, আকস্মিক পরিদর্শনসহ নানা উদ্যোগের কারণে তিন বছর আগের ভূমি অফিসের সঙ্গে বর্তমান চিত্র তুলনা করা যাবে না। অনেক উন্নতি হয়েছে। অভিযোগ এখন আগের চেয়ে অনেক কমেছে। তবে অভিযোগ একেবারে নেই, সেটা বলার সময় এখনো আসেনি।
সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, ‘আমরা সেবা নিশ্চিত করার জন্য দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রীও চান মানুষ যেন সেবা পাক। কোনো হয়রানির শিকার না হয়। হয়রানি কমেছে। তবে সব সমাধান হয়েছে, তা নয়। আমাদের লক্ষ্য অভিযোগ সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা। এখনকার কর্মকর্তারাও অনেক বেশি কার্যকর ও কর্মঠ।’
শহরের ভূমি কার্যালয়ের মতো গ্রাম পর্যায়েও আকস্মিক পরিদর্শন করা হবে বলে প্রতিমন্ত্রী জানান।