এ বছরই জিয়া শিশুপার্ক সরিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ: মন্ত্রী
২০১৫ সালের মধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী ময়দান থেকে শিশুপার্ক অন্যত্র সরিয়ে নেওয়া হবে। সেখানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এ ছাড়া স্বাধীনতাযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর শহীদদের স্মরণে চলতি বছরই একটি স্মৃতিস্তম্ভ বা মনুমেন্ট নির্মাণ করা হবে।
গতকাল শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে বরদেশ্বরী কালীমন্দির বেদান্ত সংস্কৃতি মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ ঘোষণা দেন। সভায় বলা হয়, ১৯৭১-এর ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণস্থল, ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণস্থল এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানস্থলের অস্তিত্ব মুছে দেওয়ার জন্য জিয়াউর রহমানের আমলে শিশুপার্ক গড়ে তোলা হয়েছিল।
‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, জাতিসত্তার জন্য, মুক্তিযুদ্ধের অস্তিত্ব রক্ষার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এ ছাড়া স্বাধীনতাযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর শহীদদের রক্তদানকে চিরস্মরণীয় করে রাখার জন্য অপর একটি স্মৃতিস্তম্ভ করা হবে। তবে এই শহীদদের স্মৃতিস্তম্ভ কোথায় নির্মিত হবে, তা মন্ত্রী উল্লেখ করেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধে ভারতের অবদান জানা সত্ত্বেও অনেকে, বিশেষ করে ’৭৫-এ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ইতিহাস বিকৃতকারীরা অকৃতজ্ঞের মতো ভারতবিরোধী স্লোগান দেয়।
অপর বিশেষ অতিথি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় নির্বাহী সদস্য তথাগত রায় বলেন, ‘ভারতের মানুষ হিসেবে আমি বলতে পারি, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখতে পেরে আমরা ধন্য। ভারতীয় শহীদদের স্মরণে ঢাকার উল্লেখযোগ্য স্থানে স্মৃতিস্তম্ভ হলে আমরা কৃতজ্ঞ থাকব।’ তিনি বলেন, ‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানাতে চাই, তিনি তাঁর পিতার ধারাতেই দেশ চালাচ্ছেন।’
সাংসদ নাজমুল হক প্রধানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারী কমান্ডার আশালতা বৈদ্য, বিজেপির নেতা সুভাষ সরকার, ধনঞ্জয় কুমার সিং, লেখক সামাদ সরকার, সাক্ষী গোপাল ঘোষ, ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য আরিফুর রহমান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বরদেশ্বরী কালীমন্দিরের সভাপতি চিত্তরঞ্জন দাস, বেদান্ত সংস্কৃতি মঞ্চের আহ্বায়ক বিশ্বজিৎ দত্ত।