যশোরের অভয়নগরে ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটি গতকাল মঙ্গলবার এক সভা করে তিন দফা দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে এ বছরই বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম-টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন করা। এসব দাবিতে কাল বৃহস্পতিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে কমিটি।
অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউটে গতকাল বিকেল চারটায় সংগ্রাম কমিটির সভা শুরু হয়। আড়াই ঘণ্টাব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারি রায়। বক্তব্য দেন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, মনিরামপুর উপজেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক গাজী আবদুল হামিদ, সমন্বয়ক চৈতন্য কুমার পাল, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধানকল্পে কারিগরি ও পরিবেশবান্ধব পরিকল্পনা এবং সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ওপর গত বৃহস্পতিবার যশোরে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বলা হয়েছে, আগামী শুষ্ক মৌসুমে টিআরএম (জোয়ারাধার) বাস্তবায়ন করা হবে। তা ছাড়া কর্মশালায় পেশ করা সমীক্ষায় ভবদহ স্লুইসগেট রেখে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। কিন্তু ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্র এগুলো যৌক্তিক সিদ্ধান্ত নয়।
সভায় ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধানে সংগ্রাম কমিটি তিনটি দাবি তুলেছে। এর মধ্যে রয়েছে, এ বছরই বিল কপালিয়ায় টিআরএম বাস্তবায়ন, ভবদহ স্লুইসগেটের ২১ কপাট (ভেন্ট) ও ৯ কপাটের মধ্য দিয়ে কেটে শ্রী নদীর সরাসরি সংযোগ এবং আমডাঙ্গা খাল খনন করে মুক্তেশ্বরী নদীর সঙ্গে ভৈরব নদের সংযোগ স্থাপন।
সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ প্রথম আলোকে বলেন, ‘জলাবদ্ধতা থেকে রেহাই পেতে আমরা এ বছরই বিল কপালিয়ায় টিআরএম চাই। পাশাপাশি ভবদহ স্লুইসগেটের ২১ কপাট ও ৭ কপাটের মাঝখান দিয়ে কেটে শ্রী নদীর সরাসরি সংযোগ এবং মুক্তেশ্বরী নদীর সঙ্গে ভৈরব নদের সংযোগ দিতে হবে। তা না হলে সমস্যার স্থায়ী সমাধান আসবে না।’ তিনি আরও বলেন, এসব দাবিতে সংগ্রাম কমিটি কাল বৃহস্পতিবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।