এ বছরই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর নির্মাণকাজ এ বছরই শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে গতকাল বুধবার প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।যোগাযোগমন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের গতকাল প্রথম সংসদে প্রশ্নের জবাব দেন। শুরুতে পদ্মা সেতু-সম্পর্কিত মোশাররফ হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আপাতত আহত স্বপ্নের চিকিৎসা করছি। দূরের স্বপ্ন দেখতে চাই না, দেখাতেও চাই না।’তালুকদার মো. ইউনুসের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে অচিরেই মালয়েশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এ ক্ষেত্রে সহসাই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে আশা করা যায়। হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বব্যাংকের কারণে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করতে দেরি হওয়ায় সরকার বিকল্প পন্থা অবলম্বন করেছে। এরই অংশ হিসেবে বেশ কয়েকটি দেশ ও সংস্থা সেতুটি নির্মাণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। সর্বশেষ গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কাছে বিশেষ দূত পাঠিয়ে এই সেতু নির্মাণের ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছে মালয়েশিয়ার সরকার।শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০১১ সালের মধ্যে দেশে আট হাজার ৮৭৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আট হাজার ৭১ জনের মৃত্যু হয়েছে। স্পিকারের রসিকতা: আমিনা আহমেদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্পিকার আবদুল হামিদ রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে আহ্বান জানিয়ে বলেন, ‘মাননীয় মন্ত্রী, আজই আপনার মন্ত্রী হিসেবে প্রশ্নোত্তরের প্রথম দিন।’ সুরঞ্জিত বলেন, ‘মাননীয় স্পিকার, জীবনে কোথাও প্রথম হইনি। এই শেষ বয়সে মন্ত্রী হয়ে প্রশ্নোত্তরে প্রথম হলাম।’ জবাবে স্পিকার রসিকতা করে বলেন, ‘জীবনে তো অনেক প্রশ্ন করেছেন। এখন বুঝুন উত্তর দিতে কেমন লাগে।’