এ বছরই পঞ্চমের সমাপনী বাতিলের প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর থেকে পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাদ দেওয়ার জন্য মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।

এ ব্যাপারে রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হ‌ুমায়ূন খালিদ প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান তাঁকে বলেছেন এ বছর থেকে সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার জন্য যেন মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানো হয়।

সচিব বলেন, আমরা এখন শিগগিরই এ প্রস্তাব মন্ত্রিসভায় পাঠাব। একই সঙ্গে অষ্টম শ্রেণি শেষে যেন প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া হয় সে জন্য প্রস্তাব পাঠাব। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা নেবে। কারণ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল মন্ত্রিসভায়।

গত ১৮ মে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করে সরকার। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী বছর থেকে অষ্টম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু গত কিছুদিন ধরে এ বছর থেকেই পঞ্চম শ্রেণি থেকে সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন অভিভাবকেরা। পাশাপাশি একই বিষয়ে আদালতে একটি রিটও করা হয়েছে। সেখানে কেন এ বছর থেকে এ পরীক্ষা বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এমন প্রেক্ষাপটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্ত নিল।