এ বছরও চালু হচ্ছে না বিমানের নিউইয়র্ক ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় চলতি বছর ঢাকা-নিউইয়র্ক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের।
গতকাল বুধবার দুপুরে বিমানের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইল হেয়্যুড। তিনি বলেন, ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট শুরু করতে আরও সময় প্রয়োজন। তবে বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্ক ফ্লাইট খুব একটা লাভজনক হবে না।
বিমানে যোগ দেওয়ার পর এটি কাইল হেয়্যুডের প্রথম সংবাদ সম্মেলন। তিনি বলেন, বিমানকে যদি লাভজনক ও আধুনিক করতে হয়, পরিবর্তনের কোনো বিকল্প নেই। এরই মধ্যে অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট শুরু করা হয়েছে। বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হয়েছে। এসব পরিবর্তনের ফল আগামী জুলাই নাগাদ পাওয়া যাবে।
বিমানের এমডি বলেন, চলতি বছরের শেষে দুটি নতুন গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিমানের লাভজনক গন্তব্য জেদ্দা, দাম্মাম, কলকাতা ও কুয়ালালামপুরে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আর লোকসানি গন্তব্য রোম বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হয়েছে। তিনি বলেন, বিমানের বর্তমান বহরে ইতিমধ্যে ছয়টি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ যুক্ত হয়েছে। আর চলতি বছরের শেষভাগে যুক্ত হবে নতুন আরও দুটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ। এতে করে বহরের সক্ষমতা বৃদ্ধি পাবে। কাইল হেয়্যুড বলেন, দুটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হওয়ার পরে চীন ও দক্ষিণ এশিয়ার নতুন একটি গন্তব্যে ফ্লাইট চালু করা হবে।
বিমানের টিকিট বিক্রি প্রসঙ্গে নতুন এমডি বলেন, ফ্লাইটে আসন খালি যাওয়া রোধে ও সবার জন্য টিকিট উন্মুক্ত করতে বুকিং পদ্ধতির পরিবর্তন আনা হবে। বর্তমান পদ্ধতিতে কেউ টিকিট কাটতে গেলে পান না। অনেকে আগে থেকে বুকিং দিয়ে রাখেন এবং শেষ মুহূর্তে তা বাতিল করে দেন। যার ফলে পরবর্তী সময়ে উড়োজাহাজের আসন খালি থাকে। নতুন পদ্ধতি চালু হলে বিমান সম্পর্কে এ অভিযোগ আর থাকবে না।
কাইল হেয়্যুড বলেন, বিমান কার্গো ফ্লাইটেও উন্নতি করছে। এই খাতে আয় ১৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে সময়মতো ফ্লাইট ছাড়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।