
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে অবস্থিত ‘বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র’ দীর্ঘ ১২ বছর ধরে বন্ধ। অবশ্য গত এপ্রিলে কেন্দ্রটি পুনরায় চালুর জন্য অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সাত মাসেও এটি চালু হলো না।
আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। স্মৃতিকেন্দ্রটি বন্ধ হওয়ার পর প্রতিবছর দিবসটি এলেই এটি চালু নিয়ে আলোচনা বা দাবি ওঠে। প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পরও কেন্দ্রটি চালু না হওয়ায় সবাই হতাশ ও ক্ষুব্ধ।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অনুমোদনের পরও স্মৃতিকেন্দ্রটি এখন পর্যন্ত চালু না হওয়ার পেছনের অন্যতম কারণ হলো, কীভাবে কেমন করে কেন্দ্রটির কার্যক্রম আবার শুরু করা যায়, সেই বিষয়ে বাংলা একাডেমির কাছে মতামত চেয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। কিন্তু এই মতামত প্রদানে কালক্ষেপণ হচ্ছে। ইতিমধ্যে অনেক সময় পেরিয়ে গেছে। দেখতে দেখতে বেগম রোকেয়া দিবসও চলে এসেছে। তাই এটি আর চালু করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রথম আলোকে বলেন, স্মৃতিকেন্দ্রটি বাংলা একাডেমির প্রকল্প ছিল। ১/১১–এর পর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী এটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যান। এখন আবার ফেরত আনা হয়েছে। স্মৃতিকেন্দ্রটি কীভাবে চালানো হবে এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা হবে কি না, তা ভেবে দেখা হচ্ছে।
দিবসটি উপলক্ষে এ বছরও পায়রাবন্দে ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। সেখানে অনুষ্ঠিত হবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি।
গত মঙ্গলবার বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে গিয়ে দেখা যায়, স্মৃতিকেন্দ্র ভবনের মূল ফটক তালাবদ্ধ। তবে রোকেয়া দিবস উপলক্ষে দর্শনার্থীদের প্রবেশের জন্য স্মৃতিকেন্দ্র চত্বরে ঢোকার ফটকটি খোলা রয়েছে। খোলা ছিল গেস্টহাউস। সেখানে কথা হলো স্মৃতিকেন্দ্রের উপপরিচালক আবদুল্লাহ আল ফারুক ও কর্মচারী খোরশেদ আলমের সঙ্গে। তাঁরা জানান, বন্ধ স্মৃতিকেন্দ্র ভবনের মধ্যে রয়েছে ২৬০ আসনের মিলনায়তন, ১০০ আসনের সেমিনারকক্ষ, ১০ হাজার পুস্তক ধারণক্ষমতাসম্পন্ন লাইব্রেরি (বর্তমানে রয়েছে চার হাজার), গবেষণাকেন্দ্র, সংগ্রহশালা, ২৫টি সেলাই মেশিন ও একটি প্রশিক্ষণ কেন্দ্র। আর আছে কর্মকর্তা-কর্মচারীদের অফিস। কিন্তু কেন্দ্র বন্ধ থাকতে থাকতে প্রচুর বইসহ অন্যান্য মালামাল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
১২ বছর ধরে বেতন-ভাতা পান না মালি খোরশেদ আলম। তিনি বলেন, ‘ভাবছিলাম এবার চালু হবে। কিন্তু তা-ও হলো না। তারপরও নিজের উদ্যোগে প্রতিদিনই এখানকার গাছগাছালি পরিষ্কার রাখি। কাজটি নিজের মনে করেই করে যাচ্ছি। একদিন ঠিকই চালু হবে আমার বিশ্বাস।’
১৯৯৭ সালের ২৮ জুন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রোকেয়ার আদর্শ, কর্ম ও জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর পাশাপাশি তাঁর স্মৃতি ও অবদানকে স্মরণীয় করে রাখতেই এই কেন্দ্রের প্রতিষ্ঠা। সোয়া ৩ একর জমির ওপর ৩ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্মৃতিকেন্দ্রটি উদ্বোধন করা হয় ২০০১ সালের ১ জুলাই। কিন্তু ২০০৪ সালের ৫ অক্টোবর এটি বন্ধ হয়ে যায়। তখন থেকেই বন্ধ হয়ে যায় উপপরিচালকসহ ছয় কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতাও।
২০০৮ সালের নভেম্বরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এটি বিকেএমইএর (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) কাছে পাঁচ বছরের জন্য ইজারা দেয়। এরপর বিকেএমইএ সেখানে গড়ে তোলে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। ২০১০ সালের এপ্রিলে বিকেএমইএ সেখানে থেকে চলে গেলে তাদের কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
উপপরিচালক আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৭ এপ্রিল প্রধানমন্ত্রী এটি নতুন করে চালুর অনুমোদন করেন। আশা ছিল, এ বছরই রোকেয়া দিবসের আগে স্মৃতিকেন্দ্রটি চালু হবে। বছরের পর বছর ধরে কষ্ট করে শুধু অপেক্ষায় থাকছি।’