এ বছরও শেষ হচ্ছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইলার পর থেকে ভোলার দৌলতখান উপজেলা শহর-পৌরসভা ও তিনটি ইউনিয়ন প্রায় অরক্ষিত। এ বছর ওই ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের টেন্ডার হয়েছে। কিন্তু কার্যাদেশ হওয়ার তিন মাস পরও শেষ হয়নি বন্যা-জলোচ্ছ্বাস থেকে বাঁচানোর চার কিলোমিটার বাঁধের নির্মাণকাজ। ভোলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া বাঁধের কাজ চলতি মাসে শেষ হওয়ার কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, এ বছরও বাঁধ নির্মাণ শেষ হবে না।গত মঙ্গল ও বুধবার সরেজমিন দেখা যায়, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার সীমান্ত আলীমউদ্দিন বাংলাবাজার থেকে দৌলতখান শহর পর্যন্ত ক্ষতিগ্রস্ত প্রায় চার কিলোমিটার বাঁধের নির্মাণকাজের অর্ধেকও শেষ হয়নি। ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল হোসেন বলেন, সরকারকে যতবারই বলা হচ্ছে শীত মৌসুমে বাঁধ নির্মাণ করার জন্য, ততবারই পাউবো বর্ষা মৌসুম এলে বাঁধ নির্মাণ করছে। আর বাঁধ নির্মাণ শেষ না হতেই জলোচ্ছ্বাসে বাঁধ ভেসে যাচ্ছে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ‘ভোলার দৌলতখান শহর ও তিনটি ইউনিয়ন বন্যা, অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য চার কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য ফেব্রুয়ারি মাসে দরপত্র আহ্বান করা হয়। ২৬ ফেব্রুয়ারি কার্যাদেশ হওয়ার পরও ঠিকাদার কাজ সমাপ্ত করেননি। এ জন্য তাঁদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। অন্য ঠিকাদারদের পুনরায় ৮ এপ্রিল ওই বাঁধ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এ বছর কাজ শেষ করতে পারবেন না, এ জন্য আমরা বন্যা-জলোচ্ছ্বাস ঠেকানোর জন্য বাঁধ টেনে যাচ্ছি।’