এ বছরও শেষ হচ্ছে না নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মূল স্টেশন ভবনের কাজ চললেও গাড়ি পার্কিং ও প্ল্যাটফর্মের ভেতর আটটি রেললাইন বসানোর কাজ এখনো শুরু হয়নি l ছবি: সাদ্দাম হোসেন
মূল স্টেশন ভবনের কাজ চললেও গাড়ি পার্কিং ও প্ল্যাটফর্মের ভেতর আটটি রেললাইন বসানোর কাজ এখনো শুরু হয়নি l ছবি: সাদ্দাম হোসেন

খুলনার মানুষের বহু কাঙ্ক্ষিত আধুনিক রেলস্টেশনের নির্মাণকাজ ধীর গতিতে এগোচ্ছে। আগামী মাসে এর কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখনো ২৮ শতাংশের মতো কাজ বাকি আছে। প্রকল্পের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলেও নতুন বছরের প্রথম চার-পাঁচ মাসের আগে কাজ শেষ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা বলছেন, প্রকল্প এলাকার বস্তি সরানো এবং গত বছরে বেশি বৃষ্টি হওয়ার কারণে শুরুর দিকে কাজ কিছুটা পিছিয়ে ছিল। এ জন্য নির্ধারিত সময়ে কাজ শেষ করা যাচ্ছে না।
বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া এই প্রকল্পের অগ্রগতির মাসিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের মার্চ থেকে আগস্ট—এই ছয় মাসে গড়ে প্রতি মাসে ৩ দশমিক ৯২ শতাংশ কাজ হয়েছে। এই গতিতে কাজ চললে বাকি কাজ শেষ হবে আগামী বছরের এপ্রিল-মে মাসে।
২০০৭ সালে তখনকার তত্ত্বাবধায়ক সরকার ‘রিমডেলিং অব খুলনা স্টেশন অ্যান্ড ইয়ার্ড’ নামে এই প্রকল্প গ্রহণ করে। একাধিকবার সংশোধনের পর ২০১৪ সালের ২৬ জানুয়ারি প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। ২০১৫ সালের ৪ মার্চ ঠিকাদার নিয়োগসংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ২০১৫ সালের এপ্রিল মাস থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আধুনিক স্টেশন নির্মাণের কাজ। প্রায় ৫৬ কোটি টাকা ব্যয়ে ১৮ মাস মেয়াদে চলতি বছরের অক্টোবরে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় নগরের পাওয়ার হাউস মোড়ে হাউজ বিল্ডিং করপোরেশন ভবনের পাশে স্টেশন ভবন এবং এর অদূরেই তিনটি প্ল্যাটফর্ম নির্মাণ হচ্ছে। তিনতলা স্টেশন ভবনের আকার হচ্ছে ২২ হাজার বর্গফুট। প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১ হাজার ২০০ ফুট ও প্রস্থ ৩০ ফুট। ভবনের ভেতরে ৮৬০ বর্গমিটারের ফাঁকা জায়গা থাকবে। ৭৮৪ বর্গমিটারের একটি লিংক করিডর প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকবে। প্ল্যাটফর্মে একসঙ্গে ছয়টি ট্রেন দাঁড়াতে পারবে। চার হাজার বর্গমিটার জায়গাজুড়ে কারপার্কিং, ফুটপাত ও রাস্তা থাকবে। রেলস্টেশনের প্রধান ফটক হবে পুরোনো যশোর রোডের পশ্চিম পাশে শহীদ আবুল সড়কের সামনে। প্রধান ফটক দিয়ে গাড়ি ঢুকে স্টেশন রোড দিয়ে বেরিয়ে যাবে।

১ নম্বর প্ল্যাটফর্মের পাইলিংয়ের কাজ এখনো শুরুই হয়নি। ২ নম্বর প্ল্যাটফর্মের কাজও কিছুটা বাকি l ছবি: প্রথম আলো
১ নম্বর প্ল্যাটফর্মের পাইলিংয়ের কাজ এখনো শুরুই হয়নি। ২ নম্বর প্ল্যাটফর্মের কাজও কিছুটা বাকি l ছবি: প্রথম আলো


গতকাল বুধবার সরেজমিন দেখা যায়, তিনটি প্ল্যাটফর্মের মধ্যে ১ নম্বর প্ল্যাটফর্মের পাইলিংয়ের কাজ এখনো শুরুই হয়নি। ২ নম্বর প্ল্যাটফর্মের কাজও কিছুটা বাকি। সেখানকার পুরোনো লোকোশেড ভাঙার কাজ এখনো ধরা হয়নি। বাকি আছে রেললাইন ওঠানোর কাজও। মূল স্টেশন ভবনের কাজ চললেও গাড়ি পার্কিংয়ের কাজ ও প্ল্যাটফর্মের ভেতর আটটি রেললাইন বসানোর কাজ এখনো শুরু হয়নি। স্টেশনের পেছনে উত্তর দিকের সীমানাপ্রাচীরের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও সামনের অংশের কাজ সবে শুরু হয়েছে। প্রকল্প এলাকায় অবৈধ স্থাপনা রয়ে গেছে এখনো।
প্রকল্পটির কাজ করছে ঢাকার তমা কনস্ট্রাকশন। ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকৌশলী মোসাব্বির হক বলেন, ১ নম্বর প্ল্যাটফর্ম যে এলাকায় হবে, সেখানে বর্তমানে লোকোশেড রয়েছে। ২ নম্বর প্ল্যাটফর্মের ৬০০ ফুট জায়গা লোকোশেডের মধ্যে পড়েছে। ওই শেড ও রেললাইন না সরানোয় সেখানে পাইলিংয়ের কাজ শুরু করা সম্ভব হয়নি। এ ছাড়া খুলনা-যশোর রোডে এখনো অনেক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এ জন্য সীমানাপ্রাচীর করা যাচ্ছে না। তিনি বলেন, নির্মাণকাজ আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে শেষ হবে।
প্রকল্পের দায়িত্বে থাকা রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, নতুন স্টেশন নির্মাণের জন্য প্রকল্প এলাকায় প্রতিটি প্ল্যাটফর্মের জন্য ২৮৮টি এবং স্টেশন ভবনের জন্য ৪০৫টি পাইলিং করা দরকার। এর মধ্যে প্ল্যাটফর্মের ৯৬টি পাইলিংয়ের কাজ বাকি আছে। নতুন আটটি রেললাইন স্থাপনের কাজও এগিয়েছে। শিগগির লোকোশেড সরিয়ে ১ নম্বর প্ল্যাটফর্মের কাজ শুরু করা হবে। সব মিলিয়ে ৭২ শতাংশ কাজ হয়েছে। আগামী বছরের প্রথম দিকে সব কাজ শেষ হবে। তবে এই মেয়াদ বাড়ায় ব্যয় বেড়ে যাবে না।
তবে প্রকল্পের পরিচালক ও রেলের পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুল হক বকশি বলেন, ‘প্রকল্পের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ বলে মনে করছি।’