সব পলাতক আসামিকে গ্রেপ্তার করতে না পারলেও এ বছরের মধ্যেই কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’তে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় করা মামলার অভিযোগপত্র দেওয়া হবে। গতকাল মঙ্গলবার পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ কথা বলেন। ওই ঘটনার এজাহারভুক্ত সাত আসামি এখনো পলাতক।
গত বছরের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ বলে পরিচিত বাড়িতে জঙ্গিদের ভাড়া নেওয়া ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বিশেষায়িত দল সোয়াট। ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের ওই অভিযানে নয়জন নিহত হয়। আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় রাকিবুল হাসান ওরফে রিগ্যান নামের একজনকে। ঘটনাস্থল থেকে ইকবাল নামের এক জঙ্গি পালিয়ে যায় বলে জানা যায়। ওই ঘটনায় নিহত নয়জনের মধ্যে একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। বাকি আটজন হলেন আবদুল্লাহ, আবু হাকিম নাঈম, তাজ উল হক রাশিক, আকিফুজ্জামান খান, রায়হান কবীর ওরফে তারেক, শেহজাদ রউফ অর্ক, মতিউর রহমান ও জোবায়ের হোসেন।
ওই ঘটনায় মিরপুর থানার পরিদর্শক (অপারেশন্স) শাহজালাল আলম ১০ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এজাহারভুক্ত আসামিরা হলেন রাকিবুল হাসান ওরফে রিগ্যান, খালিদ, ইকবাল, আজাদুল কবিরাজ, জুনায়েদ হাসান খান, মামুন, বাদল, রিপন, তামিম চৌধুরী ও সারোয়ার জাহান ওরফে মানিক। এর মধ্যে রাকিবুল ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হন। তামিম ও সারোয়ার পরে দুটি অভিযানে নিহত হন। বাকি সাতজন পলাতক।
ওই অভিযানের এক বছর পূর্ণ হচ্ছে আজ বুধবার। এ জন্য গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম মামলাটির বিষয়ে কথা বলেন। তিনি বলেন, এজাহারভুক্ত আসামিদের মধ্যে সবার সম্পৃক্ততা মেলেনি। জুনায়েদ খান আগে থেকেই বিদেশে আছেন বলে তথ্য রয়েছে। খালেদ ও রিপন ঘটনার সময় বিদেশে ছিলেন। ফলে তাঁদের সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ইকবালের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য মেলেনি। বাকিদের সম্পৃক্ততা পাওয়া গেছে। ধারণা করা যায়, তাদের কেউ কেউ পরে অন্য জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়ে থাকতে পারে। কারণ, জঙ্গিবিরোধী অনেক অভিযানে নিহত অনেকেরই পরিচয় এখনো পাওয়া যায়নি। গত বছর ৮ অক্টোবর গাজীপুরে অভিযানে নিহত সাতজনের মধ্যে চারজনেরই পরিচয় পাওয়া যায়নি।
আবার এজাহারে নাম নেই কিন্তু তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মনিরুল। তাঁরা হলেন সালাউদ্দীন কামরান, প্রকৌশলী আবদুর রউফ প্রধান, আবুল কাশেম ওরফে বড় হুজুর ও আহমেদ আজওয়াদ ইমতিয়াজ ওরফে অমি।