এ বছরেই এলাকায় দপ্তর পাবেন সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের জন্য নির্বাচনী এলাকায় চলতি বছরের মধ্যে অফিস বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলেছে সংসদ কমিশন। সাংসদদের এলাকায় কাজের সুবিধার্থে তাঁদের এ অফিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল রোববার সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে চলতি বছরের মধ্যে অফিস বরাদ্দের এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আমদানির প্রক্রিয়াও এ মাসেই শুরু করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন অবিলম্বে সংশোধন করতে অর্থ মন্ত্রণালয়কে বলা হয়েছে।এর আগে সংসদ ভবন এলাকায় সাংসদদের জন্য অফিস বরাদ্দ করা শুরু হয়। একজন সাংসদকে ঢাকায় একটি এবং নির্বাচনী এলাকায় একটি করে অফিস বরাদ্দ দেওয়া হবে।সভায় ২০১০-১১ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ১১৬ কোটি ৫০ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। গত অর্থবছরে বাজেটে বরাদ্দ ছিল ৬০ কোটি টাকা। এবার সাংসদদের বেতন-ভাতা ও সুবিধাদি বাড়ানোর জন্যই মূলত বাজেট বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এ ছাড়া এ বাজেটে প্রস্তাবিত সংসদ সম্প্রচার-সংক্রান্ত টিভি চ্যানেলের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী জুলাই মাসে এ টিভি চ্যানেলের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে।সভায় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ বিধিমালা চূড়ান্ত করার আগে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো ও নিয়োগবিধির অসংগতি দূর করার লক্ষ্যে গঠিত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। এর ওপর আলোচনা শেষে তা আরও পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি চূড়ান্ত করার জন্য স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।সভায় সংসদ ভবন অঙ্গন ও অধিবেশন কক্ষের নিরাপত্তাব্যবস্থা নিয়েও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সংসদ সদস্যদের বাসভবন থেকে সংসদ ভবন পর্যন্ত নিরাপদ যাতায়াতের জন্য পাতালপথ নির্মাণের ব্যাপারেও আলোচনা হয়।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ, সংসদের চিফ হুইপ আবদুস শহীদ, অর্থসচিব মোহাম্মদ তারেক, সংসদসচিব আশফাক হামিদ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।