২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে বর্তমানে সাফাই সাক্ষ্য নেওয়া হচ্ছে। রাষ্ট্রপক্ষ প্রত্যাশা করছে, এ বছরেই এ মামলার রায় হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে মামলার বিচার চলছে।
মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, সাফাই সাক্ষী শেষ হলেই যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এ দুটি ধাপের পর আইন অনুযায়ী মামলার রায় করা হয়। তিনি প্রত্যাশা করেন, সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরই রায় ঘোষণা করা হতে পারে।
তবে আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগ, রাষ্ট্রপক্ষ এ মামলার বিচার দ্রুত শেষ করতে চাইছে। এখন সপ্তাহে তিন দিন বিচার চলছে। এত কম সময় আইনজীবীদের প্রস্তুতির জন্য যথেষ্ট নয়।
আইনজীবী ও বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া দাবি করেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়। হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২২ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী।
শুরু থেকেই নৃশংস ওই হত্যাযজ্ঞের তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এসে নতুন করে তদন্ত শুরু করে। ২০০৮ সালের জুনে বিএনপি সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, তাঁর ভাই তাজউদ্দিন, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। তদন্তে বেরিয়ে আসে, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়।
তত্ত্বাবধায়ক সরকারের আমলেই এ মামলার বিচার শুরু হয়। ৬১ জনের সাক্ষ্য নেওয়ার পর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার এসে এর অধিকতর তদন্ত করে। এতে বিএনপি নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হারিছ চৌধুরী, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩০ জনকে আসামি করে ২০১১ সালের ৩ জুলাই সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। দুই অভিযোগপত্রের মোট ৫২ আসামির মধ্যে তারেক রহমানসহ ১৮ জনকে পলাতক দেখিয়ে বিচার শুরু হয়। এখন পর্যন্ত দুটি মামলায় ৫১১ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষে ২২৫ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে।
আদালত সূত্র জানায়, আসামিদের মধ্যে পুলিশের সাবেক ছয় কর্মকর্তা, খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান জামিনে আছেন। বাবর, পিন্টুসহ ২৩ জন আসামি কারাগারে আছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার মামলায় হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল ওরফে বিপুলের ফাঁসি কার্যকর হওয়ায় তাঁদের এ মামলা থেকে বাদ দেওয়া হয়।