এ বছরেই ভারতের সঙ্গে সমুদ্রসীমার মীমাংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এ বছরেই ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধের মীমাংসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে ৩৮ বছরের সমুদ্রবিরোধের অবসান হয়েছে। বঙ্গোপসাগরের ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একান্ত অর্থনৈতিক এলাকার আইনগত অধিকার লাভ করেছি। ভারতের সঙ্গেও সমুদ্রসীমা নিয়ে বিরোধের মীমাংসা করে ন্যায্য অধিকার আদায় করব।’
গতকাল শনিবার চট্টগ্রাম নেভাল বার্থে বাংলাদেশ নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ ‘আবু বকর’ ও ‘আলী হায়দার’-এর নামফলক উন্মোচন করার পর প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি জাহাজ দুটির অধিনায়কের হাতে কমিশনিং ফরমান তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের সময় ১২টি যুদ্ধজাহাজ, দুটি মেরিটাইম হেলিকপ্টার ও দুটি মেরিটাইম পেট্রোল উড়োজাহাজ নৌবহরে যুক্ত হয়েছে। দুটি ডুবোজাহাজ (সাবমেরিন) সংযোজনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ২০১৫ সালের শেষ নাগাদ এই দুটি ডুবোজাহাজ যুক্ত হচ্ছে। এ জন্য ডুবোজাহাজ ঘাঁটি এবং অবকাঠামো নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। চীনে নির্মাণাধীন অত্যাধুনিক দুটি করভেট (ছোট যুদ্ধজাহাজ) আগামী বছর নৌবহরে যুক্ত হবে। তিনি বলেন, সমুদ্র এলাকায় তদারকি ও পর্যবেক্ষণে নৌবাহিনীর সক্ষমতা বেড়েছে, যা সমুদ্রসীমা ও সমুদ্রসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী নৌবাহিনীর প্রশংসা করেন।
এর আগে শেখ হাসিনা চট্টগ্রাম নৌঘাঁটি বানৌজা ঈসা খাঁয় এসে পৌঁছালে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবীব এবং চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবীব তাঁকে স্বাগত জানান। এরপর নৌবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী যুদ্ধজাহাজ আবু বকর ও সমুদ্র জয়ে আরোহণ করেন। এ সময় তিনি জাহাজের সমরাস্ত্র পরিদর্শন করেন।
গতকাল কমিশনিং হওয়া আবু বকর ও আলী হায়দার জাহাজ দুটি চীন থেকে কেনা হয়েছে। জাহাজ দুটি বিমানবিধ্বংসী কামান, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ডুবোজাহাজের অবস্থান শনাক্তকরণসহ নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত ৯ জানুয়ারি চীনে জাহাজ দুটি নৌবাহিনীকে হস্তান্তর করা হয়। এই জাহাজ দুটি কমিশনিংয়ের আগে একই নামে যুক্তরাজ্য থেকে সংগ্রহ করা দুটি জাহাজ ডিকমিশনিং করা হয়। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ চট্টগ্রামের সংসদ সদস্যরা এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহিংতায় নিহতদের ক্ষতিপূরণ: গত বছর জানুয়ারি থেকে এ বছরের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম জেলায় ‘বিএনপি ও জামায়াত-শিবিরের সহিংসতায়’ নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ওই সময় নিহত ১৯ ব্যক্তির পরিবারের ২৫ সদস্যকে পরিবার সঞ্চয়পত্র হস্তান্তর করেন। প্রতি পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়।
বানৌজা ঈসা খাঁ ঘাঁটির শিপ ফিটিং এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। অনুষ্ঠানে জেলার সাংসদেরা অংশ নেন।