এ বছরের মধ্যে পার্বত্য চুক্তি সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গওহর রিজভী
গওহর রিজভী

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, সব দিক ঠিক থাকলে এ বছরের মধ্যে পার্বত্য চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ভূমি কমিশন আইনও সংশোধন করা হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আদিবাসী অধিকার উপলব্ধি এবং আইএলও কনভেনশন, ১৬৯’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী এ কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচসি) ও বাংলাদেশ আদিবাসী ফোরাম (বিআইপিই) এই সেমিনারের আয়োজন করে।

গওহর রিজভী বলেন, প্রধানমন্ত্রী এ চুক্তি বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন। তবে চুক্তি বাস্তবায়নে বিভিন্ন মহল ষড়যন্ত্র করে বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে৷

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ইতিমধ্যে ৩৩টি মন্ত্রণালয়ের মধ্যে ২৫টি হস্তান্তরিত হয়েছে। কিছুদিনের মধ্যে আরও তিনটি এবং বাকিগুলো এ বছরের মধ্যেই হস্তান্তর করা হবে। চুক্তি বাস্তবায়ন শেষে পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদ নির্বাচন দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন স্বাধীনতার পর মাত্র একবার হয়েছে। নির্বাচন না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

সেমিনারের সভাপতি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আদিবাসীদের বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়েছেন। আজ আদিবাসীরা যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে, তাহলে সমস্যা বাড়বে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন, দেশে কয়টি আদিবাসী গোষ্ঠী রয়েছে, লোকসংখ্যা কত—জরিপের মাধ্যমে তা বের করা প্রয়োজন। তিনি বলেন, ‘এ বছরের মধ্যে পার্বত্য চুক্তি করার জন্য সরকার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। আইএলও কনভেনশন, ১৬৯-এর মাধ্যমে এটা বাস্তবায়ন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ, আমাদের পার্শ্ববর্তী অনেক দেশই তা করেনি।’

আয়োজক বিআইপিইর সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, আইএলও কনভেনশন, ১৬৯-এ বলা হয়েছে, সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সদস্যদের ঐতিহ্যগতভাবে অধিকৃত ভূমির ওপর তাদের যৌথ কিংবা ব্যক্তিগত মালিকানার অধিকার স্বীকার করতে হবে। কিন্তু আন্তর্জাতিক সনদের বাস্তবায়ন না হওয়ায় এবং এসবের আলোকে আইন না থাকায় আদিবাসীরা তাদের ভূমি রক্ষা করতে পারছে না।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, আশা ইউনিভার্সিটির উপাচার্য ডালেম চন্দ্র বর্মন।